জিএসপি নিয়ে আলোচনায় ঢাকায় মার্কিন দল
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার বাতিলের জন্য আবেদনের বিষয়ে মার্চে শুনানির আগে সরকার ও শিল্পউদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করতে দেশটির পররাষ্ট্র দপ্তরের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের আন্তর্জাতিক শ্রম বিষয়ক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি এরিক বিয়েল ও আন্তর্জাতিক অর্থনীতিবিদ মাইক ও’ডোনোভান বাংলাদেশ সফর করছেন।
গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংগঠন ‘আমেরিকান অর্গানাইজেশন অব লেবার-কংগ্রেস ফর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন’ (এএফএল-সিআইও) বাংলাদেশের জিএসপি (জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স) সুবিধা বাতিলের আবেদন করেছে।
তাদের অভিযোগ, পোশাক ও চিংড়ি খাত এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) শ্রম অধিকার সংরক্ষিত হচ্ছে না এবং অগ্নি নির্বাপণ ব্যবস্থা যথেষ্ট নয়।
এএফএল-সিআইও যুক্তরাষ্ট্র সরকারের বাণিজ্য রিপ্রেজেনটেটিভ (ইউএসটিআর) বরাবর আবেদন করার পর বিষয়টি আমলে নিয়েছে সংস্থাটি।
এরপর ৩১ জানুয়ারির মধ্যে বাংলাদেশকে অভিযোগের বিষয়ে মতামত দেওয়ার জন্য নোটিস দেয়া হয়েছে। আগামী মার্চে এ বিষয়ে শুনানি হবে।
কংগ্রেসে ওই আবেদনের পর তাজরীন কারখানায় অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক নিহত হয়। এই অগ্নিকাণ্ড নিয়েও সমালোচনায় মুখর হয় যুক্তরাষ্ট্রের শ্রমিক সংগঠনগুলো।
একক দেশ হিসেবে বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। তবে যুক্তরাষ্ট্রে রপ্তানির প্রধান পণ্য তৈরি পোশাক জিএসপি সুবিধা পায় না। জিএসপি সুবিধা পাওয়া পণ্যগুলো শুল্কমুক্ত প্রবেশ সুবিধা পায়।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাবে, ২০১১-১২ অর্থবছরের বাংলাদেশ পণ্য রপ্তানি করেছে ২ হাজার ৪০০ কোটি ডলারের বেশি। এর মধ্যে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে মোট রপ্তানির ২১ শতাংশ (৫০০ কোটি ডলার)।
২০১১ সালে যুক্তরাষ্ট্রে জিএসপির সুবিধায় বাংলাদেশ পণ্য রপ্তানি করেছিল ২ কোটি ৬৩ লাখ ডলারের। এ সুবিধায় রপ্তানি হয়েছিল তামাকজাত পণ্য, খেলাধুলা সামগ্রী, রান্নাবান্না সামগ্রী (চায়না কিচেনওয়্যার), প্লাস্টিক পণ্য ইত্যাদি।
