২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিএসপি সুবিধা রাখার অনুরোধে যুক্তরাষ্ট্রকে চিঠি

বাংলাদেশি পণ্য প্রবেশে জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্সের (জিএসপি) আওতায় পাওয়া শুল্কমুক্ত সুবিধা বাতিল না করার অনুরোধ জানিয়ে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠিয়েছে এফবিসিসিআই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 06:25 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) পক্ষ থেকে ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টিটিভ (ইউএসটিআর) এর কাছে এই চিঠি পাঠানো হয়।

বাংলাদেশে কারখানাগুলোতে কাজের পরিবেশ নিয়ে অসন্তোষ থেকে ইউএসটিআর বাংলাদেশের জিএসপি সুবিধা পুনর্বিবেচনার শুনানির উদ্যোগ নিয়েছে।

গত ২৪ নভেম্বর তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের মৃত্যুর পর দেশটির শ্রমিক অধিকার সংগঠণগুলো বাংলাদেশকে দেয়া সুবিধা বাতিলের দাবি জানিয়ে আসছে।

ইউএসটিআর এই বিষয়ে সিদ্ধান্ত নিতে ৩১ জানুয়ারির মধ্যে গণমতামত আহবান করে।

বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত সুবিধা পায় না। তবে এই সুবিধা রপ্তানি আয়ে তেমন প্রভাব না রাখলেও তা দেশের ভাবমূর্তিতে প্রভাব রাখবে বলে মনে করা হয়।

Image
সরাসরি ভোট চান এফবিসিসিআই ভোটাররা

সরাসরি ভোট চান এফবিসিসিআই ভোটাররা

এফবিসিসিআইয়ের মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদ স্বাক্ষরিত ওই চিঠিতে বাংলাদেশের শ্রম পরিস্থিতি উন্নয়নের উদ্যোগ, জিএসপি বাতিল হলে তার নেতিবাচক প্রতিক্রিয়া এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক তুলে ধরা হয়।

চিঠিতে বলা হয়, “বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল করা হলে এদেশের অর্থনৈতিক অগ্রগতি ব্যাহত হবে। ২০২১ সালে দেশকে মধ্য আয়ের দেশ করার লক্ষ্য পূরণ হবে না। এদেশের ছোট ও মাঝারি অনেক শিল্প বন্ধ হয়ে যাবে, যেসব প্রতিষ্ঠানে মূলত নারী শ্রমিকরা কাজ করেন।”

বাংলাদেশের শ্রম পরিস্থিতি উন্নয়নের উদ্যোগ সম্পর্কে চিঠিতে বলা হয়, বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বেশ কিছু কনভেনশনে সই করেছে।

“সংগঠন করার স্বাধীনতা, শিশুশ্রম দূর করার মত ওইসব কনভেনশনের মূল বিষয় বাংলাদেশের শ্রম আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। পোশাক ও চিংড়ি খাতে শিশু শ্রম দূর করা হয়েছে। এখানে শ্রমের মান আরও বেশি উন্নত করতে উদ্যোগ নেয়া হয়েছে।”

তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ শ্রমিকদের কাজের পরিবেশের ‘নিরাপত্তা’ নিশ্চিত করতে টাস্কফোর্স গঠন করেছে বলেও চিঠিতে জানানো হয়।

ট্রেড ইউনিয়ন করার বিষয়ে চিঠিতে বলা হয়, বাংলাদেশের শ্রম আইনে ট্রেড ইউনিয়ন নিবন্ধনের বিধি যুক্ত করা হয়েছে।