আরো দুটি ব্যাংককে চূড়ান্ত অনুমোদন
প্রাথমিকভাবে অনুমোদিত নয়টির মধ্য থেকে বেসরকারি আরো দুটি ব্যাংক চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
এই দুটি ব্যাংক হল- স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের ফারমার্স ব্যাংক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আয়কর উপদেষ্টা ও কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান এম মনিরুজ্জামান খন্দকারের মিডল্যান্ড ব্যাংক।
মঙ্গলবার বোর্ডসভায় এই দুটি ব্যাংককে চূড়ান্ত অনুমোদন দেয়া হয় বলে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন।
নয়টির মধ্যে এর আগে পাঁচটিকে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছিল।এখন চূড়ান্ত অনুমোদিত ব্যাংকের সংখ্যা সাতটিতে দাঁড়াল।
আগের পাঁচটি হল- এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি ব্যাংক লিমিটেড, ইউনিয়ন ব্যাংক, মেঘনা ব্যাংক এবং সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক।
যুক্তরাষ্ট্র প্রবাসী ফরাছত আলী এনআরবি কমার্শিয়াল ব্যাংকের উদ্যোক্তা। এনআরবি ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা যুক্তরাজ্য প্রবাসী ইকবাল আহমেদ।
ইউনিয়ন ব্যাংকে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের এবং মেঘনা ব্যাংকে আওয়ামী লীগের সংসদ সদস্য আশিকুর রহমানের সম্পৃক্ততা রয়েছে বলে গণমাধ্যমের খবর।
লকপুর ফিসারিজের এস এম আমজাদ হোসেন সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংকের উদ্যোক্তা।
নতুন অনাপত্তিপত্র পাওয়া ফারমার্স ব্যাংকের প্রস্তাবক মহীউদ্দীন খান আলমগীর থাকলেও তিনি মন্ত্রী হওয়ার পর চেয়াম্যানের পদে এসেছেন তার স্ত্রী ড. সেতারা আলমগীর।
মিডল্যান্ড ব্যাংকের চেয়ারম্যান বর্তমানে বিশেষায়িত ব্যাংক কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান। এক্ষেত্রে মনিরুজ্জামানকে কর্মসংস্থান ব্যাংকের চেয়াম্যানের দায়িত্ব ছাড়তে হবে বলে কেন্দ্রীয় ব্যাংক থেকে জানানো হয়েছে।
তিনি বলেন, ব্যাংকগুলোকে এখন অনাপত্তিপত্র দেয়া হয়েছে। এরপর তারা জয়েন্ট স্টক কোম্পানি ও ফার্মগুলো থেকে কোম্পানি হিসেবে নিবন্ধন নেবে। এর পর ব্যাংকগুলোকে লাইসেন্ দেয়া হবে। এর ভিত্তিতে তারা ব্রাঞ্চ অনুমোদন নেবে।
তবে ব্র্যাঞ্চ অনুমোদনের আগে বাংলাদেশ ব্যাংক থেকে যাচাই বাছাই করা হবে। এতে বাংলাদেশ ব্যাংক সন্তুষ্ট হলে ব্র্যাঞ্চের অনুমোদন দেয়া হবে।
গত বছরের এপ্রিলে নয়টি নতুন ব্যাংকের প্রাথমিক অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক।
