২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চূড়ান্ত অনুমোদন পেল ৫ ব্যাংক

প্রাথমিকভাবে অনুমোদিত নয়টির মধ্য থেকে বেসরকারি পাঁচটি ব্যাংককে কাজ শুরুর চূড়ান্ত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 11:29 AM

Updated : 23 Aug 2022, 10:09 AM

এগুলো হচ্ছে- এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি ব্যাংক লিমিটেড, ইউনিয়ন ব্যাংক, মেঘনা ব্যাংক এবং সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই বেসরকারি ব্যাংকগুলোকে চূড়ান্ত অনুমোদন দেয়া হয় বলে ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র প্রবাসী ফরাছত আলী এনআরবি কমার্শিয়াল ব্যাংকের উদ্যোক্তা। এনআরবি ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা যুক্তরাজ্য প্রবাসী ইকবাল আহমেদ।

ইউনিয়ন ব্যাংকে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের এবং মেঘনা ব্যাংকে আওয়ামী লীগের সংসদ সদস্য আশিকুর রহমানের সম্পৃক্ততা রয়েছে বলে গণমাধ্যমের খবর।

লকপুর ফিসারিজের এস এম আমজাদ হোসেন সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংকের উদ্যোক্তা।

পরিচালনা পর্ষদের মঙ্গলবারের সভায় প্রবাসী উদ্যোক্তাদের দুটি এবং দেশি উদ্যোক্তাদের চারটি ব্যাংকের প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

সুর চৌধুরী বলেন, “বোর্ড বিস্তারিত দেখার পর পাঁচটি ব্যাংকের মেমোরেন্ডাম অব আর্টিকেল (সংঘ স্মারক) এর ওপর অনাপত্তি দিয়েছে। বাকি একটি ব্যাংকের মেমো আরো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।”

বাকি একটি ব্যাংক হলো মিডল্যান্ড ব্যাংক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আয়কর উপদেষ্টা এম মনিরুজ্জামান খন্দকার এর উদ্যোক্তা।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, অনাপত্তি পাওয়া ৫ ব্যাংকের মোট পরিশোধিত মূলধনের পরিমাণ ২ হাজার ৮৯ কোটি ৬৮ লাখ টাকা।

এর মধ্যে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিশোধিত মূলধন ৪৪৪ কোটি ৬০ লাখ টাকা। এনআরবি ব্যাংক লিমিটেডের পরিশোধিত মূলধন ৪০৪ কোটি ৮২ লাখ টাকা।

দেশি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিশোধিত মূলধন ইউনিয়ন ব্যাংকের। এই ব্যাংকটি পরিশোধিত মূলধন হিসেবে ৪২৮ কোটি টাকা জমা দিয়েছে।

মেঘনা ব্যাংকের পরিশোধিত মূলধন ৪০৩ কোটি ৩০ লাখ টাকা, সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংকের পরিশেধিত মূলধন ৪০৮ কোটি ৯৬ লাখ টাকা।

ডেপুটি গভর্নর বলেন, এই অনাপত্তি পাওয়া ব্যাংকগুলো এখন যৌথ মূলধন কোম্পানি এবং ফার্মসমূহ থেকে ব্যাংক কোম্পানি হিসেবে নিবন্ধন নেবে।

“এরপর ব্যাংকগুলো তাদের ব্যাংক স্থাপনের আগ্রহপত্রে(লেটার অব ইনটেন্ট) যে ব্যবসায়িক পরিকল্পনা দিয়েছে, তা বাংলাদেশ ব্যাংক সরেজমিনে দেখবে।”

‘লেটার অব ইনটেন্ট’ এর সঙ্গে বাস্তবতার মিল থাকলে বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইনের ৩২ ধারায় এদের লাইসেন্স দেবে বলে জানান সুর চৌধুরী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, লাইসেন্সিং প্রক্রিয়া শেষ হতে এক সপ্তাহ সময় লাগতে পারে। আর ব্যাংকগুলো এক মাসের মধ্যে কাজ শুরু করতে পারবে।

এছাড়া আরো তিনটি ব্যাংক অনুমোদনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম শেষ করার চেষ্টা করছে।

এই ব্যাংক তিনটি হল- এনআরবি গ্লোবাল ব্যাংক, মধুমতি ব্যাংক ও ফারমার্স ব্যাংক লিমিটেড।

এই তিনটি ব্যাংকের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক কে এম আব্দুল ওয়াদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই ব্যাংকগুলোর মধ্যে দেশি দুটির উদ্যোক্তাদের কর ও ঋণ সংক্রান্ত তথ্য এখনো সংশ্লিষ্ট বিভাগে আসেনি।

বাকি এনআরবি ব্যাংকেরও কিছু তথ্য-উপাত্ত বাকি রয়েছে বলে জানান তিনি।

গত বছরের এপ্রিলে নয়টি নতুন ব্যাংকের প্রাথমিক অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক।