সূচকে ওঠানামায় লেনদেন শেষ
সপ্তাহের শেষ দিন লেনদেন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক সামান্য কমেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর থেকেই সূচকে ওঠানামা চলে। দিনশেষে ডিএসইর নতুন সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ২ পয়েন্ট কমে ৪ হাজার ১৯৯ পয়েন্ট হয়।
তবে এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে হয় ১ হাজার ৫২৪ পয়েন্ট।
লেনদেন হয় প্রায় ৩৩২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ১৩০টির, কমে ১১১টির। অপরিবর্তিত ছিল ৩৩ টির দাম।
বুধবার ডিএসইএক্স সূচকে যোগ হয় প্রায় ১০ পয়েন্ট। লেনদেন হয় ২৫৮ কোটি টাকা।
মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক বাড়ে প্রায় ২৭ পয়েন্ট। হাতবদল হয় ২৬৬ কোটি টাকার শেয়ার। সোমবার ডিএসইএক্স এ যোগ হয় দশমিক ৮ পয়েন্ট। হাতবদল হয় ৩৫৫ কোটি টাকার শেয়ার। সপ্তাহের প্রথম দিন ডিএসইএক্স ২৭ পয়েন্ট বাড়ে। হাতবদল হয় ৩১৯ কোটি টাকার শেয়ার।
গত ২৮ জানুয়ারি ডিএসইতে এ দুই নতুন সূচক চালু করা হয়। তালিকাভুক্ত কোম্পানিগুলোর তথ্য নিয়ে করা ডিএসইএক্স সূচকে ভিত্তি ধরা হয়েছে ২ হাজার ৯৫১ দশমিক ৯১ পয়েন্ট।
আর ৩০টি কোম্পানির হিসাব নিয়ে চালু করা নতুন বাছাই সূচক ডিএস৩০ এর ভিত্তি ধরা হয়েছে ১০০০। গণনা শুরু হয় ১৪৬০ পয়েন্ট থেকে।
বাজারের প্রধান সূচক ডিএসইএক্স-এ মোট ১৯৯টি কোম্পানিকে অর্ন্তভুক্ত করা হয়েছে। ডিএসইর ওয়েবসাইটে নতুন দুই সূচকের পাশাপাশি পুরনো ডিজিইএন বা সাধারণ সূচকও দেখানো হচ্ছে।
