২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেন বেড়েছে ডিএসইতে

সপ্তাহের দ্বিতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সাড়ে তিনশ কোটি টাকা ছাড়িয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 05:29 AM

Updated : 23 Aug 2022, 10:09 AM

সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে দশমিক ৮ পয়েন্ট।

সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পরপরই  সূচক উঠতে শুরু করে। দিন শেষে ডিএসইর নতুন সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে দশমিক ৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৬৪ পয়েন্ট হয়।

আর এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে ৯পয়েন্ট বেড়ে হয় ১ হাজার ৫০৩ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৩৫৫ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড হাতবদল হয়, যার মধ্যে দাম বাড়ে ৭৭টির, কমে ১৫৩টির; আর ৩৮টির দাম অপরিবর্তিত ছিল। 

সপ্তাহের প্রথম দিন রোববার ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৬৩ পয়েন্ট হয়। হাতবদল হয় ৩১৯ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার।  

আর গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ডিএসইর নতুন সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে হয় ৪ হাজার ১৩৬ পয়েন্ট। হাতবদল হয় ২৯৮ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।  

গত ২৮ জানুয়ারি ডিএসইতে এ দুই নতুন সূচক চালু করা হয়। তালিকাভুক্ত কোম্পানিগুলোর তথ্য নিয়ে করা ডিএসইএক্স সূচকে ভিত্তি ধরা হয়েছে ২ হাজার ৯৫১ দশমিক ৯১ পয়েন্ট। সোমবার সকালে এ সূচকে গণনা শুরু হয় ৪ হাজার ৫৫ পয়েন্ট থেকে।

আর ৩০টি কোম্পানির হিসাব নিয়ে চালু করা নতুন বাছাই সূচক ডিএস৩০ এর ভিত্তি ধরা হয়েছে ১০০০। গণনা শুরু হয় ১৪৬০ পয়েন্ট থেকে।

বাজারের প্রধান সূচক ডিএসইএক্স-এ মোট ১৯৯টি কোম্পানিকে অর্ন্তভুক্ত করা হয়েছে। ডিএসইর ওয়েব সাইটে নতুন দুই সূচকের পাশাপাশি পুরনো ডিজিইএন বা সাধারণ সূচকও দেখানো হচ্ছে।