২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্থায়ী মেলা কমপ্লেক্সের প্রতিশ্রুতি এবারো’

এবারো একটি স্থায়ী কমপ্লেক্স স্থাপনের প্রতিশ্রুতি পাওয়ার মধ্য দিয়ে শেষ হলো মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2013, 05:37 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শেরে বাংলা নগরে মাসব্যাপী এবারের মেলার সমাপনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের এ প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, “ঢাকার অদূরে বাণিজ্য মেলার একটি স্থায়ী কমপ্লেক্স নির্মাণ করা হবে। এবারের মেলায় যে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, তা ওই স্থায়ী কমপ্লেক্স না থাকার কারণেই হয়েছে।”

এবার বাণিজ্যমেলায় পারটেক্স প্লাস্টিকের দ্বিতল প্যাভিলিয়নের ওপরের অংশটি ভেঙে পড়ে এক বিক্রয়কর্মী নিহত হন।

প্রতিবছরই মেলার শেষদিন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকেন বাণিজ্যমন্ত্রী এবং অনুষ্ঠানে স্থায়ী বাণিজ্যমেলা কমপ্লেক্স স্থাপনের ঘোষণা দেয়া হয়। বৃহস্পতিবারও বাণিজ্যমন্ত্রী একই ঘোষণা দেন।

Image
মেলায় ভেঙে পড়া পারটেক্স প্লাস্টিকের প্যাভিলিয়ন।

মেলায় ভেঙে পড়া পারটেক্স প্লাস্টিকের প্যাভিলিয়ন।

জি এম কাদের বলেন, “প্রতি বছরেই এক মাসের জন্য তাড়াহুড়ো করে স্টল-প্যাভিলিয়ন নির্মিত হয়। এটি একটি সমস্যা। আর এ কারণেই একজনকে প্রাণ দিতে হয়েছে। এটা দুঃখজনক। আমরা চাই না এ ধরনের দুর্ঘটনা আর দ্বিতীয়টি ঘটুক।”

তিনি বলেন, “শুরুর দিকে মেলার আয়োজন নিয়ে কিছু সমস্যা হয়েছিল। মেলায় আগুন লেগেছিল একদিন। আরেকদিন স্টল ভেঙে একজন মারা গেছেন। এ ছাড়া এবারের বাণিজ্যমেলা সফলভাবে শেষ হয়েছে।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম আবুল কাসেম, বাণিজ্য সচিব মাহবুব আহমেদ এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বক্তব্য রাখেন। মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান শুভাশীস বসু অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

আবুল কাসেম বলেন, বিদেশিদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমাদের রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে হবে।

“প্রতিযোগিতামূলক বিশ্বব্যবস্থায় টিকতে হলে বৈচিত্রময় পণ্যই শুধু নয়, এসব পণ্যের গুনগত মানও ভাল হওয়া দরকার।”

কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, বাণিজ্যমেলার জন্য স্থায়ী কাঠামো নির্মাণ হলে শুধু এক মাস নয়, সারা বছর মানুষ সেখানে বিভিন্ন ধরনের মেলা উপভোগ করতে পারবেন।

ব্যবসার জন্য রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি বলেন, “দেশে হরতালের মতো পরিস্থিতি চলতে থাকলে বিদেশিরা আমাদের দেশে আসবেন না।”

দেশে উৎপাদিত পণ্যের বাজার বিদেশের চেয়ে দেশেই ভাল উল্লেখ করে তিনি বলেন, “আগামী ১০ বছরে বাংলাদেশের অবস্থানে অন্যদেশগুলো ঈর্ষান্বিত হবে।”

Image
প্রস্তুতি প্রায় শেষ, রাজধানীর শের-ই-বাংলা নগরে আগামীকাল থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ছবিটি সোমবার তোলা। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, ডিসেম্বর ৩১, ২০১২

প্রস্তুতি প্রায় শেষ, রাজধানীর শের-ই-বাংলা নগরে আগামীকাল থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ছবিটি সোমবার তোলা। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, ডিসেম্বর ৩১, ২০১২

ইপিবির ভাইস চেয়ারম্যান শুভাশীস বসু জানান, এবারের বাণিজ্যমেলায় ১৫৭ কোটি টাকার রপ্তানির আদেশ পাওয়া গেছে।

অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু স্মৃতি প্যাভিলিয়ন’ নির্মাণের উদ্যোগ গ্রহণ ও সুচারু ব্যবস্থাপনার স্বীকৃতিস্বরূপ ইপিবিকে বিশেষ সম্মাননা দেয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০১৩ উদ্বোধন করেন।

এবারের বাণিজ্যমেলায় প্রিমিয়ার প্যাভিলিয়নের প্রথম পুরস্কার পেয়েছে ওয়ালটন। দ্বিতীয় পুরস্কার পেয়েছে যৌথভাবে আবুল খায়ের কনডেন্সড মিল্ক অ্যান্ড বেভারেজ ও পারটেক্স ফার্নিচার।

যৌথভাবে তৃতীয় পুরস্কার পেয়েছে ইসলামী ব্যাংক, ফার সিরামিক ও প্রতীক সিরামিক।

এ ছাড়া বিশেষ পুরস্কার পেয়েছে ব্র্যাক, ইউনিলিভার, এশিয়ান টেক্সটাইল এবং নিউ নাদিয়া ফার্নিচার।

পুরনো খবর:

খণ্ডকালীন চাকরি কাল হলো রনি দাসের