২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সূচকে লেনদেন শুরু ডিএসইতে

শুধুমাত্র লেনদেনযোগ্য শেয়ারকে হিসাবে ধরে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে নতুন পদ্ধতিতে সূচক পরিমাপ শুরু হয়েছে।

রিয়াজুল বাশার

ও ফারহান ফেরদৌস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 05:27 AM

Updated : 23 Aug 2022, 10:07 AM

সোমবার সকাল সাড়ে ১০টা ৩৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে নতুন সূচকের উদ্বোধন করেন ডিএসই সভাপতি রকিবুর রহমান।

এর মধ্যে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সম্মিলিত সূচক ডিএসইএক্স এর ভিত্তি ধরা হয়েছে ২ হাজার ৯৫১ দশমিক ৯১ পয়েন্ট। সোমবার সকালে এ সূচকে গণনা শুরু হয়েছে ৪ হাজার ৫৫ পয়েন্ট থেকে।

৩০টি কোম্পানির হিসাব নিয়ে চালু করা নতুন বাছাই সূচক ডিএস৩০- এর ভিত্তি ধরা হয়েছে ১০০০। আর গণনা শুরু হয়েছে ১৪৬০ পয়েন্ট থেকে।

তবে সাধারণ বিনিয়োগকারীদের বোঝার সুবিধার জন্য নতুন দুটি সূচকের পাশাপাশি পুরনো সাধারণ সূচকও তিন মাস রাখা হবে ডিএসইর ওয়েবসাইটে।

রকিবুর রহমান বলেন, “আমরা সূচক সংশোধন ও ডিমিউচুয়ালাইজেশন সহ বেশকিছু সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেগুলা পূরণ করে ডিএসইকে আন্তর্জাতিক মানে উন্নীত করছি আমরা।”

নতুন সূচক প্রসঙ্গে ডিএসই জ্যেষ্ঠ সহ-সভাপতি অঅহমেদ রশীদ লালী বলেন, “ডিএসইএক্স হলো বেঞ্চমার্ক সূচক। আর ডিএস৩০ হলো বিনিয়োগযোগ্য (ইনভেস্টেবল) সূচক। ডিএস৩০ সূচকের কারণে বিদেশি বিনিয়োগকারী ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো উপকৃত হবে।”

বর্তমান ডিএসই সূচক ভুলভাবে গণনা হচ্ছে বলে বিশেষজ্ঞরা মত দেয়ার পর পুঁজিবাজার সংশ্লিষ্টরা তা পরিবর্তনের কথা বলে আসছিলেন। এরপর গত বৃহস্পতিবার ডিএসই পরিচালনা পর্ষদের বৈঠকে নতুন এই সূচক চালুর সিদ্ধান্ত হয়।

ডিএসইতে এতোদিন তিন ধরনের সূচক চালু ছিল। এগুলো হলো- ডিএসই সাধারণ সূচক (ডিজিইএন), সব শেয়ার সূচক (ডিএসআই) এবং বাছাই শেয়ার সূচক (ডিএস২০)।

এই পদ্ধতিতে সূচক ভুলভাবে গণনা হচ্ছে বলে বিশেষজ্ঞরা মত জানালে ২০১১ সালের ডিসেম্বরে লেনদেনযোগ্য শেয়ারের (ফ্রি ফ্লোট) ভিত্তিতে সূচক গণনার সিদ্ধান্ত নেয় পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি।

এরপর শুধু ফ্রি ফ্লোটের হিসাব ধরে সঠিকভাবে সূচক গণনার পদ্ধতি ঠিক করতে গত অগাস্ট মাসে যুক্তরাষ্ট্রের আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর (এসঅ্যান্ডপি) এর সঙ্গে চুক্তি করে ডিএসই।

গত ডিসেম্বরের শুরু থেকেই ডিএসইতে এসঅ্যান্ডপি প্রণীত পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালানো শুরু হয়।

এর আগে ১৯৯৩ সালের নভেম্বরে ডিএসআই শুরু হয়েছিল ৩৫০ ভিত্তি থেকে, ২০০১ সালের নভেম্বরে ডিজিইএন ৮১৭ পয়েন্ট এবং ২০০১ সালের জানুয়ারি থেকে ডিএস২০ শুরু হয়েছিল ১০০০ ভিত্তি থেকে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাজারে তালিকাভূক্ত ২৪২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ডিএসইএক্স সূচক তৈরি করা হয়েছে ১৯৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড নিয়ে। তবে এ কোম্পানিগুলোই বাজার মূলধণের ৯৭ শতাংশের অংশীদার।

এ সূচক তৈরির ক্ষেত্রে বাজার মূলধণ ও লেনদেনের পরিমানকে বিবেচনায় নেয়া হয়েছে।

ডিএস৩০ সূচকেও একইভাবে বাজার মূলধন, অতীত লেনদেন পরিমাণ ও প্রবৃদ্ধিকে হিসাবে নেয়া হয়েছে।

ডিএসইএক্স বছরে একবার এবং ডিএস৩০ বছরে দুবার পূর্বিন্যাস করা হবে বলে লালী জানান।

নতুনভাবে তৈরি করা ডিএস৩০ তে স্থান পাওয়া কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মাসিউটিক্যালস, গ্রামীণফোন, বেক্সিমকো লিমিটেড, পূবালী ব্যাংক, ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক, তিতাস গ্যাস, হাইডেলবার্গ সিমেন্ট, ইউনাইডেট কমার্সিয়াল ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

সামিট পাওয়ার, ইউনাইটেড ওয়ারওয়েজ, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, লঙ্কাবাংলা ফাইন্যান্স, যমুনা অয়েল, বিএসআরএম স্টিলস, পদ্মা অয়েল কোম্পানি, পাওয়ার গ্রিড, আরএন স্পিনিং, ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম, আফতাব অটোমোবাইলস, স্কয়ার টেক্সটাইল, খুলনা পাওয়ার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এমজেএল, পিপলস্ লিজিং ও কেয়া কসমেটিক্স লিমিটেড।