ডিএসই’র লেনদেন নিয়ে সভাপতির অসন্তোষ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির সভাপতি রকিবুর রহমান।
মঙ্গলবার ডিএসইর পর্ষদ সভা শেষে সন্ধ্যায় সাংবাদিকদের কাছে এ অসন্তোষের কথা জানান তিনি।
এদিন ডিএসইতে মাত্র ১০৪ কোটি টাকা লেনদেন হয়, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন।
এ বিষয়ে রকিবুর রহমান বলেন, “আজ লেনদেন কমার বিষয়টি আমি কিছুই বুঝতে পারছি না। আমি এটা নিয়ে খুবই কষ্ট পাচ্ছি। বিষয়টি নিয়ে আমি অসন্তুষ্ট।”
তবে বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান তিনি।
এদিকে মঙ্গলবারের সভায় এমএসএ প্লাস সফটওয়্যারের সমস্যা চিহ্নিত করে তা সমাধান এবং এ সফটওয়্যার উন্নয়নের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদকে কমিটির প্রধান করা হয়।
এছাড়া বুয়েটের একই বিভাগের অধ্যাপক মোস্তফা আকবর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, কম্পিউটার সমিতি থেকে একজন ও সেনা বাহিনী থেকে এক জন প্রযুক্তি কর্মকর্তা কমিটির সদস্য হিসেবে থাকবেন।
রকিবুর রহমান বলেন, “আজকের সভায় ডিএসইর নতুন ইনডেক্স চালু করার বিষয়ে আলোচনা হয়েছে। এবিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) একটা সুপারিশ পেয়েছি। আগামী সপ্তাহে আমরা সিদ্ধান্ত জানাতে পারব।”
এছাড়া ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা মোশারফ এম হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
ডিএসই সভাপতি আরো বলেন, ডিমিউচ্যুয়ালাইজেশন সম্পর্কে ভালো বুঝেন এমন কাউকে প্রধান নির্বাহীর দায়িত্ব দেয়া হবে।
