আবদুর রহিম হারমাছি
প্রধান অর্থনৈতিক প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নির্মাণে অর্থায়নে ফের রাজি হওয়া বহুজাতিক ঋণদাতা বিশ্ব ব্যাংক সোমবারের নির্ধারিত বৈঠকে অংশ নিচ্ছে না।
সেতুর বাস্তবায়ন কৌশল ঠিক করতে নির্ধারিত বৈঠকে অংশ নিতে অন্যতম ঋণদাতা এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিনিধি দল ঢাকায় এলেও বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল আপাতত আসছে না।
নাম প্রকাশ না করার শর্তে বিশ্ব ব্যাংক ঢাকা অফিসের এক কর্মকর্তা রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পদ্মা সেতু নিয়ে আলোচনার জন্য বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের ১ অক্টোবরের ঢাকা সফর পসপন্ড (স্থগিত) করা হয়েছে। অর্থ্যাৎ ১ অক্টোবর বিশ্ব ব্যাংকের কোনো প্রতিনিধিদল ঢাকায় আসছে না।”
কবে ঐ প্রতিনিধিদল ঢাকায় আসবে সে বিষয়ে কিছু বলতে পারেন নি ঐ কর্মকর্তা।
পদ্মা সেতু প্রকল্পে ফিরে আসার কয়েকদিন পর এক বিবৃতিতে ঋণদাতা সংস্থাটি জানায়, শর্তপূরণ সাপেক্ষে তারা এই সেতুতে অর্থায়ন করবে। সরকারি কর্মকর্তারা পরিস্থিতির ভুল ব্যাখ্যা দিচ্ছেন বলেও জানায় সংস্থাটি।
দুর্নীতির তদন্ত বিষয়ে আলোচনা করতে বিশ্ব ব্যাংকের অন্য একটি প্রতিনিধি দল আসার কথা থাকলে সেটিও আসছে না বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
এদিকে এডিবি ঢাকা অফিসের এক্সটারনাল রিলেশনস বিভাগের প্রধান গোবিন্দ বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পদ্মা সেতু নিয়ে আলোচনার জন্য এডিবি সাউথ এশিয়া ট্রান্সপোর্ট ডিভিশনের পরিচালক শ্রী উইডোওয়াটি এর নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধিদল ম্যানিলা থেকে রোববার ঢাকায় এসেছে।”
জাইকা ঢাকা অফিস সূত্র জানায়, জাইকার ঢাকা অফিসের প্রতিনিধিদলেরই বিশ্ব ব্যাংক ও এডিবির প্রতিনিধিদলের সঙ্গে এক হয়ে সরকারের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে।
দুর্নীতির অভিযোগ তুলে ২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিত করে গত বছরের সেপ্টেম্বরে চারটি শর্ত দিয়েছিল বিশ্ব ব্যাংক। তা পূরণ হয়নি জানিয়ে গত ২৯ জুন ১২০ কোটি ডলারে ঋণচুক্তি বাতিল করে সংস্থাটি।
এর পর সরকার পদ্মা প্রকল্পে বিশ্ব ব্যাংককে ফেরাতে নানামুখী তৎপরতা শুরু করে সরকার। সমালোচনার মুখে থাকা যোগাযোগ মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয় সৈয়দ আবুল হোসেনকে, ছুটিতে যান সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন, প্রকল্প থেকে সরানো হয় ইন্টিগ্রিটি অ্যাডভাইজর মসিউরকে।
সব শর্ত পূরণের পর গত ২০ সেপ্টেম্বর পদ্মা প্রকল্পে ফেরার ঘোষণা দেয় বিশ্ব ব্যংক।
বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে ফেরার পর গত ২৩ সেপ্টেম্বর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইকবাল মাহমুদ সংবাদ সম্মেলনে বলেছিলেন, “বিশ্ব ব্যাংক, এডিবি ও জাইকার প্রতিনিধিরা ওয়াশিংটন, ম্যানিলা ও টোকিও থেকে আগামী সপ্তাহেই ঢাকায় আসবে।”
এর আগে ২০ সেপ্টেম্বর বিশ্ব ব্যাংকের পদ্মা সেতুর অর্থায়নে ফিরে আসার ঘোষণা দিয়ে এক বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশ সরকার বিশ্ব ব্যাংকের চারটি শর্ত সন্তোষজনকভাবে পূরণ করায় এবং ব্যাংকের পরিচালনা পর্ষদ সম্মত হওয়ায় পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে নতুন করে যোগ দিচ্ছে।”
বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি পদ্মা সেতু তৈরিতে গত বছরের প্রথমার্ধে বিশ্ব ব্যাংক, এডিবি, আইডিবি ও জাইকার সঙ্গে ঋণচুক্তি করে সরকার। ২৯১ কোটি ডলারে ৬ কিলোমিটার দীর্ঘ দ্বিতল রেল ও সড়ক সেতু নির্মাণের নকশা হয়। শুরু হয় জমি অধিগ্রহণও।
কিন্তু প্রকল্পের কাজ তদারকির জন্য প্রাথমিক যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ কানাডার এসএনসি লাভালিনের বিরুদ্ধে ওই দেশের পুলিশ দুর্নীতির অভিযোগ তুললে বিশ্ব ব্যাংক তা গুরুত্বের সঙ্গে নেয়ার কথা জানিয়ে গত বছরের সেপ্টেম্বরে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি স্থগিত করে।
এরপর ঋণের অর্থ পেতে কয়েকটি শর্ত দেয় সংস্থাটি, যা পূরণ হয়নি জানিয়ে ঋণচুক্তি বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তারা। ফলে এডিবির ৬১ কোটি ৫০ লাখ, জাইকার ৪০ কোটি এবং আইডিবি ১৪ কোটি ডলারের প্রতিশ্রুতিও আটকে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জিএনএ/২২৫২ ঘ.
bdnews24