২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় ‘ক্ষতি’ পুষিয়ে নেয়া যাবে, আশা জাইকার

বিশ্ব ব্যাংকের পদ্মা সেতুর অর্থায়নে ফেরার ঘোষণায় সন্তোষ প্রকাশ করে এ আশা প্রকাশ করেছে জাপানি দাতা সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2012, 08:35 AM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ব্যাংক পদ্মা সেতুর অর্থায়নে ফেরার ঘোষণা দেয়ায় সন্তোষ প্রকাশ করেছে এ প্রকল্পের আরেক ঋণদাতা সংস্থা জাইকা। মঙ্গলবার জাপানি এই সংস্থার এক বিবৃতিতে বলা হয়, “পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের পুনরায় সম্পৃক্ত হয়ার ঘোষণায় জাইকা আনন্দিত। একইসঙ্গে এই সেতু নির্মাণে বাংলাদেশের দৃঢ় অবস্থান এবং দুর্নীতিমুক্ত ও স্বচ্ছতার সঙ্গে এ সেতু নির্মাণে বিশ্ব ব্যাংকের সব শর্ত সন্তোষজনকভাবে পূরণ করার ক্ষেত্রে সরকারের আন্তরিকতার প্রশংসা করছে জাইকা।” দুর্নীতির অভিযোগ নিয়ে টানাপড়েনের মধ্যে সেতুর নির্মাণ কাজ শুরুতে যে দেরি হয়েছে তা পুষিয়ে নেয়া যাবে বলেও আশা প্রকাশ করেছে জাইকা। বিবৃতিতে বলা হয়, “একটি উল্লেখযোগ্য সময় নষ্ট হলেও এ প্রকল্পের সব অংশীদারের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে তা পুষিয়ে নেয়া যাবে বলে জাইকা দৃঢ়ভাবে বিশ্বাস করে।” ২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেওয়ার কথা। এছাড়া এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দেওয়ার জন্য চুক্তি করেছে। জাইকা বলেছে, “বাংলাদেশের জনগণের বৃহত্তর স্বার্থে ২০০৩ সালে পদ্মা সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে জাইকা যখন প্রথম পদক্ষেপ নেয়, তখন থেকেই অন্য সহযোগী দাতা সংস্থার সঙ্গে সমন্বিতভাবে এ প্রকল্পের সফল বাস্তবায়নে আমরা সম্পৃক্ত ছিলাম।” বাংলাদেশে বঙ্গবন্ধু সেতু, পাকশী সেতু, মেঘনা সেতু, গোমতী ও রূপসা সেতুর মতো বড় অবকাঠামো প্রকল্পের সফল বাস্তবায়নের ক্ষেত্রে জাইকার উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, “আমাদের দীর্ঘদিনের অংশীদারিত্বের ধারাবাহিকতায় বাংলাদেশের মানুষের বহু প্রত্যাশিত পদ্মা সেতু নির্মাণেও জাইকার সহায়তা অব্যাহত থাকবে।” জাপানি সংস্থাটি আশা করছে, এ প্রকল্প বাস্তবায়নের সব পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার দুর্নীতিবিরোধী পদক্ষেপ চালিয়ে যাবে এবং পদ্মা সেতুর স্বপ্ন বাস্তবে রূপ নেবে। দুর্নীতির অভিযোগ তুলে এ প্রকল্পে অর্থায়ন স্থগিত করার পর গত বছরের সেপ্টেম্বরে চারটি শর্ত দিয়েছিল বিশ্ব ব্যাংক। তা পূরণ হয়নি জানিয়ে গত ২৯ জুন ১২০ কোটি ডলারে এ ঋণচুক্তি বাতিল করে সংস্থাটি। এরপর সরকার পদ্মা প্রকল্পে বিশ্ব ব্যাংককে ফেরাতে নানামুখী তৎপরতা শুরু করে। সমালোচনার মুখে থাকা মন্ত্রী সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেন, ছুটিতে যান সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন। প্রকল্প থেকে সরানো হয় ইন্টিগ্রিটি অ্যাডভাইজর মসিউরকে। সব শর্ত পূরণের পর বিশ্ব ব্যংক গত ২০ সেপ্টেম্বর পদ্মা প্রকল্পে ফেরার ঘোষণা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/জেকে/১৪৩০ ঘ.