ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের বছরের চেয়ে প্রায় দ্বিগুণ রাজস্ব আদায়ের মধ্য দিয়ে শেষ হয়েছে তৃতীয় বারের মতো আয়োজিত সপ্তাহব্যাপী আয়কর মেলা।
এবার ১৮ জেলায় মেলা থেকে রাজস্ব এসেছে ৮৩৯ কোটি টাকা, যা গতবছর ছিল ৪১৪ কোটি টাকা। সেবা গ্রহণ করেছেন প্রায় তিন লাখ ৪৬ হাজার জন। গতবছর এ সংখ্যা ছিল প্রায় ৭৫ হাজার।
এ ছাড়া কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন নিয়েছেন ১৬ হাজার ৪০২ জন, যা আগের বছরের চেয়ে ৬ হাজার ৩৫১ জন বেশি।
রাজধানীর অফিসার্স ক্লাবে মেলার সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
আয়কর কর্মকর্তারা জানান, আয়কর প্রদান ও টিআইএনভুক্ত হওয়ার পাশাপাশি এবারের মেলায় আয়কর রিটার্ন জমা দিয়েছেন এক লাখ দুই হাজার ১৯৮ জন। গত বছর এ সংখ্যা ছিল ৬২ হাজার ২৭২।
এনবিআরের হিসাবে, ১৯৭২-১৯৭৩ অর্থবছরে দেশে আয়কর আদায় হয়েছিল ১০ কোটি ৩৬ লাখ টাকা। ২০১১-২০১২ অর্থবছরে এটি দাঁড়িয়েছে ২৮ হাজার ২৬১ কোটি ৮৭ লাখ টাকা।
গত ১৬ সেপ্টেম্বর থেকে দেশের সাতটি বিভাগীয় শহরসহ পুরাতন ১৮টি জেলায় এ মেলা অনুষ্ঠিত হয়।
মেলার সমাপনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, “আমি এবার প্রথমদিকে মেলায় আসতে পারিনি। তবে আজ এসে মনে হচ্ছে সত্যিকার অর্থেই এটা মেলায় পরিণত হয়েছে। মেলায় এসে মানুষ টাকা দিচ্ছেন এটা দেখে গর্বে আমার বুক উচু হয়ে যাচ্ছে।”
তবে তিনি আয়কর দেয়ার বিষয়ে সবাইকে উদ্বুদ্ধ করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
এনবিআর চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ বলেন, “মেলায় কর দেওয়ার জন্য মানুষ স্বতস্ফ’র্তভাবে এগিয়ে এসেছে। তবে আমরা যদি নন-স্টপ সেবা দিতে পারি তাহলে মানুষের অংশগ্রহণ আরো বাড়বে।”
আগামী বছর প্রত্যেক জেলায় আয়কর মেলা আয়োজন এবং কর দেওয়ার পদ্ধতি আরো সহজ করা হবে বলে জানান তিনি।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাবে, দেশে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ধারীর সংখ্যা ৩৫ লাখ ২৭ হাজার ৭৯২ জন হলেও করদাতার সংখ্যা ১৪ লাখের কিছু বেশি।
চলতি অর্থবছরের এনবিআরের মাধ্যমে রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ১২ হাজার ২৫৯ কোটি টাকা। এরমধ্যে আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৫ হাজার ৩০০ কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/২০৫৮ ঘ.
bdnews24