২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সবাইকে সতর্ক করে দিল পদ্মাকাণ্ড’

পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বাতিলের পর বিশ্ব ব্যাংক আবারো ফিরে আসায় এখন উভয় পক্ষই সতর্ক থাকবে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2012, 01:24 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

আবদুর রহিম হারমাছি প্রধান অর্থনৈতিক প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বাতিলের পর বিশ্ব ব্যাংক আবারো ফিরে আসায় এখন দুই পক্ষই সতর্ক থাকবে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। তারা বলছেন, অর্থায়ন স্থগিতের পর বিশ্ব ব্যাংকের ফিরে আসার ঘটনা বিরল। এখন দুই পক্ষই সতর্ক হবে। বৃহস্পতিবার বহুজাতিক এই ঋণদাতা সংস্থার এক বিবৃতিতে পদ্মা সেতু প্রকল্পে ফিরে আসার ঘোষণা দেয়। এতে বলা হয়, বাংলাদেশ সরকার বিশ্ব ব্যাংকের চারটি শর্ত সন্তোষজনকভাবে পূরণ করায় এবং ব্যাংকের পরিচালনা পর্ষদ সম্মত হওয়ায় পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে নতুন করে যোগ দিচ্ছে। এ বিষয়ে কথা হয় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খানের সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এতে বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ সরকার উভয়ই সতর্ক হবে। ঋণচুক্তি বাতিল করার পর সরকারের পাশাপাশি বিশ্ব ব্যাংকেরও অনেক সমালোচনা হয়েছে। সে কারণে দুই পক্ষেরই এখন উচিৎ হবে যতো দূর সম্ভব কম সময়ে এবং কম খরচে একটি ভালো সেতু যাতে নির্মাণ হয় সে ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া।” অনেক ঝামেলার পর পদ্মা সেতুর কাজ শুরু হচ্ছে বলে এর তত্ত্বাবধান ভালো হবে বলে মনে করেন এই সাবেক অর্থসচিব। তিনি বলছেন, “দুই পক্ষই এলার্ট থাকবে। আমাদের সরকার সতর্ক থাকবে, যাতে এই প্রকল্পে আর কোনো অনিয়ম-দুর্নীতির অভিযোগ না ওঠে। অন্যদিকে, বিশ্ব ব্যাংকও তাদের সমালোচনা ঘোচাতে মাঝখানে যে সময় নষ্ট হয়েছে তা বিবেচনায় রেখে দ্রুত সেতুর কাজ শুরু ও শেষ করার বিষয়ে সচেষ্ট থাকবে।” বিশ্ব ব্যাংকের অর্থায়নের সিদ্ধান্ত দেশের অর্থনীতির জন্য খুবই ইতিবাচক ঘটনা বলেও মনে করেন আকবর আলি। “বিশ্ব ব্যাংক পদ্মা সেতুর অর্থায়নে ফিরে আসাটা আমাদের জন্য একটা ভালো সংবাদ। এইজন্য ভালো সংবাদ যে, এখন আমাদের জন্য বা আমাদের সরকারের জন্য এই বিশাল সেতু নির্মাণ করা সহজ হবে।” নিজস্ব অর্থে বা অন্য কোনোভাবে পদ্মা সেতু নির্মাণ করা হলে বাজেট ঘাটতি বেড়ে যাওয়ার আশঙ্কার কথা উল্লেখ করে তিনি বলেন, “এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ পড়তো। বাণিজ্যিকভাবে কোনো প্রতিষ্ঠান সেতু নির্মাণ করলে ব্যয় অনেক বেড়ে যেতো, যার মাশুল দিতে হতো সাধারণ মানুষকে।” এছাড়া বিশ্ব ব্যাংক এ প্রকল্পে ফিরে আসায় বিশ্বের অনেক ভালো ঠিকাদার বা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান এ সেতু নির্মাণে এগিয়ে আসবে বলে মনে করেন আকবর আলি। বিশ্ব ব্যাংকের ফিরে আসাকে ‘বিরল’ ঘটনা হিসাবে তুলে ধরে সাবেক এই আমলা বলেন, এজন্য সরকারের উদ্যোগ প্রশংসার দাবি রাখে। ‘সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে’ এবং বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে সরকার পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংককে ফিরিয়ে এনে বিচক্ষণতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন আকবর আলি খান। তত্ত্বাবধায়ক সরকারের আরেক সাবেক উপদেষ্টা এবং পদ্মা সেতু প্রকল্পের টেকনিক্যাল কমিটির প্রধান জামিলুর রেজা চৌধুরীও বিশ্ব ব্যাংকে ফিরিয়ে আনায় সরকারের উদ্যোগের প্রশংসা করেছেন। তিনি বলেন, “পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংককে ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন দিক থেকে যেভাবে তৎপরতা চালিয়েছে তার জন্য অবশ্যই প্রশংসার দাবি রাখে। এ ধরনের একটা আনন্দের খবর অসবে- সেজন্য সবাই অপেক্ষা করছিলেন।” জামিলুর রেজা চৌধুরী বলেন, “বিশ্ব ব্যাংকের পদ্মা সেতুতে ফিরে আসা বিরল ঘটনা। এই মুহূর্তে আমার এ ধরনের একটি প্রকল্পেরও নাম মনে পড়ছে না। সম্ভবত এ ধরনের বড় প্রকল্পে একবার ঋণচুক্তি বাতিল করে পরে ফিরে আসার ঘটনা এটাই প্রথম বলে আমার মনে হচ্ছে।” পদ্মা সেতু প্রকল্পের পরামর্শক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে গত বছরের সেপ্টেম্বরে ২৯১ কোটি ডলারের এ প্রকল্পে অর্থায়ন স্থগিত এবং গত জুনে ঋণচুক্তি বাতিল করে বিশ্ব ব্যাংক। এ প্রকল্পে ১২০ কোটি ডলার দেয়ার চুক্তি করেছিল তারা। এই প্রকল্প তদারকির জন্য প্রাকযোগ্য পাঁচটি প্রতিষ্ঠানের তালিকা করেছিল ড. জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে একটি মূল্যায়ন কমিটি। ওই তালিকায় এক নম্বরে থাকা কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে সেদেশের পুলিশ। আর সে অভিযোগ গুরুত্বের সঙ্গে প্রকল্প থেকে পিছিয়ে যায় বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংক ফিরে না এলে পদ্মা সেতু হতো কি না সে ব্যাপারে সংশয় প্রকাশ করে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত বলেন, “বিশ্ব ব্যাংকের ফিরে আসাকে আমি ওয়েলকাম (স্বাগত) জানাই। এখন কম খরচে আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সেতু নির্মাণ হবে। এতে আমাদের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।” দাতা সংস্থা বিশ্ব ব্যাংক ও এডিবিসহ স্থানীয় অর্থনীতিবিদ ও গবেষকরা পূর্বাভাস দিয়ে আসছেন, পদ্মা সেতু নির্মাণ হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকাসহ সারা দেশের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হওয়ায় বাংলাদেশের জিডিপিতে (অর্থনৈতিক প্রবৃদ্ধি) দেড় থেকে দুই শতাংশ যোগ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএইচ/এএল/১৯১৭ ঘ.