২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনাইটেডকে পাশে চায় বিমান

ফ্লাইট বিপর্যয় কাটাতে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজের সহযোগিতা চেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। জানাচ্ছেন আশিক হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2012, 11:43 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

আশিক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাড়ায় আনা একটি উড়োজাহাজ ‘চুক্তি ভেঙে’ চলে যাওয়ায় সৃষ্ট ফ্লাইট বিপর্যয় কাটাতে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজের সহযোগিতা চেয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগেই ভাড়ায় আনা একটি বোয়িং ৭৪৭ উড়োজাহাজ গত ১২ সেপ্টেম্বর চলে যাওয়ার পর বিমানের নিয়মিত ফ্লাইটসূচিতে বিপর্যয় সৃষ্টি হয়। বাতিল করা হয় বিভিন্ন আন্তর্জাতিক রুটের কয়েক ডজন ফ্লাইট। এই পরিপ্রেক্ষিতে ২৯ নভেম্বর পর্যন্ত বিমানের অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট বন্ধের ঘোষণা আসে। ইউনাইটেড এয়ারওয়েজের বিপণন বিভাগের সহকারী মহাব্যাবস্থাপক মো. কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিমানের কাছ থেকে একটি প্রস্তাব এসেছে। দুপক্ষের মধ্যে এ নিয়ে আলোচনাও চলছে। আশা করছি ২/১ দিনের মধ্যে কোনো একটা সিদ্ধান্ত হবে।” এখন পর্যন্ত কিছু চূড়ান্ত না হলেও গত বুধবার রাত থেকে বিভিন্ন রুটে ইউনাইটেডের ফ্লাইটে আসন খালি থাকলে বিমানের টিকেট কাটা যাত্রীদের তুলে দেয়া হচ্ছে বলে জানান তিনি। “আমাদের ঢাকা-কাঠমান্ডু এবং ঢাকা-কোলকাতা রুটে গত বুধবার থেকে বিমানের কিছু যাত্রী বহন করছি আমরা। এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত শ্রমিকদের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে এসেছে, তাদের অনেককেও আমরা গন্তব্যে পৌঁছে দিয়েছি।” কামরুল ইসলামের মতে, বিমানের ফ্লাইট নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে তা ‘জাতীয় বিপর্যয়’। “আমরা তাদের সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। আমরা যেসব রুটে ফ্লাইট পরিচালনা করি, ক্যাপাসিটি থাকলে সেগুলোতে বিমানের যাত্রী নিতে আমাদের কোনো বাধা নেই।” তবে তার আগে ‘কী ধরনের সহযোগিতা চায়’ বিমানকে তা পরিষ্কার করতে হবে বলে মন্তব্য করেন ইউনাইটেডের সহকারী মহাব্যাবস্থাপক। কামরুল জানান, বর্তমানে মাস্কটে সপ্তাহে সাতটি ফ্লাইট চালানোর অনুমতি থাকলেও ইউনাইটেড চালাচ্ছে পাঁচটি। একইভাবে জেদ্দায় অনুমতি রয়েছে ১০টি ফ্লাইটের, তারা চালাচ্ছে তিনটি। এছাড়া দুবাইয়ে সাতটির জায়গায় ইউনাইটেডের ফ্লাইট চলছে তিনটি; আর কুয়ালালামপুরে সপ্তাহে সাতটি। “বিমান চাইলে বিভিন্ন রুটে ইউনাইটেডের অব্যবহƒত ফ্লাইটে যাত্রী পাঠাতে পারে। এতে আমাদের শিডিউল ফ্লাইট পরিচালনায় কোনো সমস্যা হবে না। আমাদের বহরে বিভিন্ন মডেলের মোট নয়টি উড়োজাহাজ রয়েছে।” এ বিষয়ে বিমানের কেউ আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিলেও ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুধুমাত্র জেদ্দার আটকে পড়া যাত্রীদের বিষয়ে ইউনাইটেডের সাথে কথা চলছে। আমরা এ বিষয়ে অন্য বিদেশি বিমান সংস্থার সাথেও কথা বলেছি।” ফ্লাইটসূচির বর্তমান অবস্থা জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, “পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। আগামী ২৩ সেপ্টেম্বর নতুন একটি বোয়িং ৭৬৭ উড়োজাহাজ আসার কথা। ২৪ তারিখের পরে আর কোনো সমস্যা থাকার কথা না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/জেকে/১৭৩০ ঘ.