ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেসটিনির পাঁচ শীর্ষ কর্মকর্তাকে জামিন দেয়া ঢাকার মহানগর হাকিম এরফান উল্লাহর বিষয়ে অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনকে পরামর্শ দিয়েছেন সরকারের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম।
হাকিম এরফান উল্লাহ তার বিচারিক ক্ষমতার বাইরে গিয়ে গত ৬ অগাস্ট ডেসটিনি গ্রুপের পাঁচ কর্মকর্তাকে জামিনের আদেশ দিয়েছিলেন বলে জানান অ্যাটর্নি জেনারেল।
বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হকের আদালতে জামিনের আদেশ পুনর্বিবেচনায় দুর্নীতি দমন কমিশনের আবেদনের শুনানিতে উপস্থিত ছিলেন মাহবুবে আলম।
অ্যাটর্নি জেনারেল মামলার বাদি দুদক কর্মকর্তা মোজহার আলী সরদারকে হাকিম এরফানের বিষয়ে অনুসন্ধান করতে বলার সময় দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজল, আব্দুস সালামসহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আইন বিষয়ক জ্যেষ্ঠ প্রতিবেদকও ছিলেন।
মাহবুবে আলম মামলার বাদি মোজাহার আলী সরদার ও আইনজীবী কাজলের উদ্দেশে বলেন, “ওই ম্যাজিস্ট্রেট (মহানগর হাকিম এরফান উল্লাহ) কয় টাকা নিয়ে এ আদেশ দিয়েছিলেন?”
তখন মোজাহার আলী সরদার ও আইনজীবী কাজল বলেন, তারা এটা কীভাবে জানবেন?
অ্যাটর্নি জেনারেল এরপর মোজাহার আলীকে বলেন, “ওই ম্যাজিস্ট্রেটকে দুদকে নিয়ে জিজ্ঞাসাবাদ করুন। তার ব্যাংক একাউন্টে সম্প্রতিক লেনদেনের খোঁজ খবর নিন।”
এই বিষয়ে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমানের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান মাহবুবে আলম।
মুদ্রা পাচারের দুটি মামলায় ডেসটিনির কর্মকর্তাদের জামিনের আদেশ পুনর্বিবেচনার শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, “যে যুক্তি দেখিয়ে মহানগর হাকিম গত ৬ অগাস্ট ডেসটিনির শীর্ষ পাঁচ কর্মকর্তাকে জামিন দিয়েছিলেন, যা সম্পূর্ণ মিথ্যা এবং অবৈধ।
“ওই আদেশ তিনি দিতে পারেন না। এ ধরনের মামলার শুনানিই গ্রহণ করার কোনো এখতিয়ার ওই মহানগর হাকিমের নেই।”
অ্যাটর্নি জেনারেল বলেন, অর্থ পাচার আইন-২০১২ অনুযায়ী এ মামলার শুনানির যোগ্যতা রাখেন কেবল বিশেষ জজ।
মুদ্রা পাচারের দুটি মামলায় ডেসটিনি-২০০০ এর চেয়ারম্যান, সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ, ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমিন এবং শীর্ষ পর্যায়ের তিন কর্মকর্তা মো. হোসেন, মো. গোফরানুল হক ও মো. সাইদ উর রহমানকে জামিন দেন মহানগর হাকিম এরফান উল্লাহ।
ডেসটিনি কর্মকর্তাদের দেয়া জামিনের আদেশ ‘ভয়ঙ্কর প্রশ্নবিদ্ধ’- এমন মন্তব্য করে সরকারের প্রধান আইন কর্মকর্তা বলেন, “সামাজিক মর্যাদা বিবেচনা করে জামিন দেয়ার কোনো এখতিয়ার নেই হাকিমের।
“জনগণের হাজার হাজার কোটি টাকা আত্মসাতকারীদের কিসের সামাজিক মর্যাদা? যারা জনগণের টাকা লুট করে, তাদের কোনো সামাজিক মর্যাদা থাকতে পারে না।”
মাহবুবে আলম বলেন, “জনগণের টাকা চুরি করে অবৈধভাবে জামিন নিয়ে আসামিরা ঘুরে বেড়াচ্ছে। এমনকি তারা বিচার ব্যবস্থা নিয়ে নানা কথাও বলাবলি করছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/০০১০ ঘ.
bdnews24