নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স এসোসিয়েশন (বিকেএমইএ) এর সভাপতি পদে সেলিম ওসমান পুনর্বার নির্বাচিত হয়েছেন।
সোমবার বিকালে শহরের চাষাঢ়ায় অবস্থিত বিকেএমইএ’র নারায়ণগঞ্জ কার্যালয়ে সভাপতি এবং চার জন সহসভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বলে জানান বিকেএমইএ’র সচিব সুলভ চৌধুরী।
চার সহসভাপতি হলেন- মোহাম্মদ হাতেম, এ এইচ আসলাম সানি, মহিউদ্দিন ফারুকী এবং শামীম আহমেদ।
শনিবার অনুষ্ঠিত বিকেএমইএ’র নির্বাচনে সেলিম ওসমানের নেতৃত্বাধীন সম্মিলিত নিট পরিষদ প্যানেল ২২টি এবং সাবেক সভাপতি ফজলুল হক নেতৃত্বাধীন ৫টি পরিচালক পদে বিজয়ী হয়।
২০১০-১২ সালের কমিটিতেও সেলিম ওসমান সংগঠনটির সভাপতি ছিলেন।
সুলভ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সভাপতি এবং চারটি সহসভাপতি পদে একজন করে মনোনয়ন পত্র কেনায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন পরিচালনা বোর্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯০০ ঘ.
bdnews24