২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অগাস্টে মূল্যস্ফীতি আরো কমেছে

চলতি অর্থবছরের দ্বিতীয় মাস অগাস্টে সার্বিক মূল্যস্ফীতির হার আরো কমে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 10:00 AM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরের দ্বিতীয় মাস অগাস্টে সার্বিক মূল্যস্ফীতির হার আরো কমে এসেছে। ২০০৫-০৬ অর্থবছরের তথ্যকে ভিত্তি ধরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মূল্যস্ফীতির যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যাাচ্ছে, অগাস্টে এই হার ৪ দশমিক ৯৭ শতাংশে নেমে এসেছে। জুলাইয়ে এই হার ছিল ৫ দশমিক ২১ শতাংশ। এছাড়া আগের নিয়মে ১৯৯৫-৯৬ অর্থবছরের তথ্যকে ভিত্তি ধরে অগাস্টে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক ৯৩ শতাংশ। জুলাইয়ে এই হার ছিল ৮ দশমিক ০৩ শতাংশ। দুই হিসাবেই খাদ্য মূল্যস্ফীতি সামান্য বেড়েছে। কমেছে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে সংবাদ সম্মেলন করে মূল্যস্ফীতির হালনাগাদ এই তথ্য প্রকাশ করেন পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল। গত জুলাই মাসে প্রথমবারের মতো ২০০৫-০৬ অর্থবছরের তথ্যকে ভিত্তি ধরে মূল্যস্ফীতির হার প্রকাশ করা শুরু করে পরিসংখ্যান ব্যুরো। পাশাপাশি আগের নিয়মে ১৯৯৫-৯৬ অর্থবছরের তথ্যকে ভিত্তি ধরেও এই হার প্রকাশ করা হচ্ছে। এই মানদণ্ডে গত অর্থবছরের শেষ মাস জুনে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৫৬ শতাংশ। আর গত অর্থবছরের গড় মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৬৪ শতাংশ। বিবিএসের তথ্য অনুযায়ী, দুই হিসাবেই খাদ্য মূল্যস্ফীতি সামান্য বেড়েছে। তবে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কমেছে। নতুন হিসাবে আগস্টে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ২ দশমিক ২৫ শতাংশ। জুলাইয়ে এ হার ছিল ২ দশমিক ২৩ শতাংশ। আর পুরনো হিসাবে অগাস্টে মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ১ শতাংশ। জুলাইয়ে হয়েছিল ৬ দশমিক ৩ শতাংশ। নতুন হিসাবে অগাস্টে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ২৯ শতাংশ। জুলাইয়ে এ হার ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ। পুরনো হিসাবে অগাস্টে খাদ্য বহির্ভূত খাতের মূল্যস্ফীতি ১১ দশমিক ৫৪ শতাংশ থেকে কমে ৯ দশমিক ৫৯ শতাংশে নেমে এসেছে। সংবাদ সম্মেলনে পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক বলেন, “গত ১৮ জুলাই ব্যুরোর টেকনিক্যাল কমিটির সভায় ২০০৫-০৬ ভিত্তি বছরের সিপিআই (ভোক্তার মূল্য সূচক) অনুমোদন দেয়া হয়। সে ভিত্তিতে আগামী ডিসেম্বর পর্যন্ত ২০০৫-০৬ ভিত্তি বছরের পাশাপাশি ১৯৯৫-৯৬ ভিত্তিবছরের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করা হবে।” সময়ের সাথে সাথে ভোক্তা কর্তৃক ভোগ্য পণ্য ব্যবহার এবং সেবা কর্মের ধরন পরিবর্তনের কথা বিচার-বিশ্লেষণ করে ভিত্তি বছরে পরিবর্তন আনা হয়েছে বলে জানান মোস্তফা কামাল। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৫-০৬ ভিত্তি বছরে গ্রামাঞ্চলে ৩১৮টি আইটেম সিপিআই বাস্কেটে নিয়ে মূল্যস্ফীতির হিসাব করা হয়েছে। শহর এলাকায় এ সংখ্যা ৪২২টি। ১৯৯৫-৯৫ ভিত্তি বছরে গ্রাম ও শহর এলাকায় এ সংখ্যা ছিল যথাক্রমে ১৮২টি ও ২৭১টি। নতুন ভিত্তি বছরে গ্রামে নতুন আইটেম সংযোজন হয়েছে ১৩৬টি। শহরে ১৫১টি। তবে নতুন হিসাবে পুরনো ভিত্তি বছরের গ্রামাঞ্চলে ৩৩টি ও শহরে ৩১ আইটেম বাদ দেয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এএল/১৫৫৫ ঘ.