রাজশাহী, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলে আরো ২০ জোড়া শাটল ট্রেন যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন যোগাযোগ ও রেলপথ মন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার রাজশাহীতে মন্ত্রী বলেন, রেলকে গতিশীল করতে আগামী জানুয়ারিতে এসব শাটল ট্রেন সারাদেশে চালু হবে।
এ সময় রেলের অনিয়ম ও টিকিট কালোবাজারি ঠেকাতে রাজশাহী স্টেশনে এক বছরের অধিক কর্মরত সকল বুকিং সহকারী, নিরাপত্তা কর্মীদের বদলিরও নির্দেশ দেন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য।
দুপুর ২টায় বিমানে রাজশাহী পৌঁছে ওবায়দুল কাদের পশ্চিমাঞ্চল রেলওয়ের কার্যালয়ে শ্রমিক লীগ নেতা ও রেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরে তিনি আসেন রাজশাহী রেল স্টেশনে।
তিনি টিকিট কাউন্টার ও প্লাটফর্ম ঘুরে দেখার সময় যাত্রীদের সঙ্গে কথাও বলেন।
এরপর মন্ত্রী যান বিআরটিএ কার্যালয়ে। এ সময় তার সঙ্গে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সাংসদ ফজলে হোসনে বাদশা ছাড়াও সড়ক ও জনপথ এবং রেলওয়ের কর্মকর্তারা ছিলেন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, মন্ত্রী কর্তব্যে অবহেলার অভিযোগে পশ্চিমাঞ্চল রেলওয়ের রাজশাহীর কানুনগো জিয়াউল হক ও স্টেশন সুপারিনটেনডেন্ট গোলাম মোস্তফাকে বদলির নির্দেশ দিয়েছেন। এছাড়া রেলওয়ের সহকারী এস্টেট অফিসার আশীষ কুমারকে শোকজ করারও নির্দেশ দেন।
রাজশাহী স্টেশনে মন্ত্রী সাংবাদিকদের বলেন, বুকিং সহকারী ও নিরাপত্তা কর্মীরা এক বছরের বেশি এক জায়গায় কর্মরত থাকলে অনেকেই টিকিট কালোবাজারিতে জড়িয়ে পড়েন।
এদের বদলি করলে আগামী কয়েক মাসের মধ্যেই যাত্রী ভোগান্তি কমে আসবে বলে মনে করেন মন্ত্রী।
তিনি বলেন, “২০ জোড়া নতুন শাটল ট্রেন আনার চুক্তি হয়েছে। রাজশাহী স্টেশন থেকে নতুন একটি শাটল ট্রেন চলাচল করবে।”
রেলের ভাড়া ৫০ শতাংশ বাড়ানোর ব্যাপারে মন্ত্রী বলেন, এর সঙ্গে যাত্রীসেবার মানও উন্নত করা হবে। বিশেষ করে লোকাল ট্রেনে ফ্যান ও আলোর ব্যবস্থা করা হচ্ছে।
এ সময় মন্ত্রী রেলে নতুন নিয়োগের কথাও জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৫৫ ঘ.
bdnews24