ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ফিরে না আসার গুঞ্জনের মধ্যে এই সেতু নির্মাণের চূড়ান্ত প্রস্তাব দিয়েছে মালয়শিয়া। এখন বাংলাদেশ রাজি হলেই চূড়ান্ত চুক্তি হবে।
সোমবার দুপুরে রাজধানীর সেতু ভবনে মালয়শিয়ার বিশেষ দূত এস সামি ভেলু চূড়ান্ত প্রস্তাবের একটি অনুলিপি যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের বলেন, “একটি কারিগরি কমিটি প্রস্তাবের খুঁটিনাটি পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন সংস্থার কাছে এর সুপারিশমালা উপস্থাপন করবে।”
এই অর্থবছরের মধ্যেই নির্মাণ কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করলেও মালয়শিয়ার প্রস্তাবের বিষয়ে সরকার কবে সিদ্ধান্ত নেবে সে বিষয়ে কোনো কিছু বলেননি ওবায়দুল কাদের।
তিনি বলেন, “এই প্রস্তাবের মধ্যে অন্তর্ভুক্ত শর্তাবলি নিয়ে বাংলাদেশ আলোচনা করবে।”
মন্ত্রী বলেন, চুক্তি সই হলে নির্মাণ, মালিকানা, পরিচালনা ও হস্তান্তরের (বিওওটি) ভিত্তিতে সেতু নির্মিত হবে এবং মালয়শিয়ার এক্সিম ব্যাংক এটার শীর্ষ উদ্যোক্তা হিসেবে থাকবে।
দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়ার দাবি তুলে গত ২৯ জুন বিশ্ব ব্যাংক ২৯০ কোটি ডলারের পদ্মা প্রকল্পে তাদের প্রতিশ্রুত ১২০ কোটি ডলারের ঋণ বাতিল করার পর থেকে বিকল্প অর্থায়নের উপায় খুঁজছে বাংলাদেশ।
গত সেপ্টেম্বরে বিশ্ব ব্যাংকের সঙ্গে জটিলতা দেখা দেওয়ার পর মালয়শিয়ার প্রস্তাব আসে।
মন্ত্রী বলেন, “এই প্রস্তাব বিবেচনায় অর্থনৈতিক ও জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে। আমাদের জাতীয় স্বার্থের বিরোধী না হলেই এই চুক্তি সই করা হবে।”
বিশ্ব ব্যাংক সরে গেলেও তাদের ফিরিয়ে আনার চেষ্টা রয়েছে সরকারের। তবে সে চেষ্টা ফলপ্রসূ হচ্ছে না বলে বিভিন্ন সংবাদপত্রে সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।
বিশ্ব ব্যাংকের সঙ্গে সমঝোতার সম্ভাবনার বিষয়ে কাদের বলেন, “এ বিষয়ে আপনারা বরং অর্থমন্ত্রী বা অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিবের কাছে জিজ্ঞাসা করুন।
“যেহেতু আমরা বলতে পারছি না যে বিশ্ব ব্যাংকের সঙ্গে দ্বন্দ্ব মিটে গেছে, তাই সব পক্ষের জন্যই এখনো দরজা খোলা আছে।”
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে বিশ্ব ব্যাংকের অর্থায়নের বিষয়টি ঝুলে যাওয়ার পর চলতি বছরের শুরুতে মালয়শিয়া সেতু প্রকল্পে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করে।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গত ১০ এপ্রিলে কুয়ালালামপুরে মালয়শিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের উপস্থিতিতে একটি সমঝোতা স্মারকে সই করেন। ২৮ জুন পদ্মা সেতু নির্মাণে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে মালয়শিয়ায় পক্ষ থেকে একটি খসড়া প্রস্তাব সরকারকে দেওয়া হয়।
এর পর দিনই ২৯ জুন দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়ার দাবি তুলে বিশ্ব ব্যাংক পদ্মা সেতু প্রকল্পে তাদের প্রতিশ্রুত ঋণ বাতিল করে। এরপর সরকার নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণের ঘোষণা দিলেও বিশ্ব ব্যাংককে ফেরানোসহ সব পথই খোলা রেখেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/এমআই/১৮৪৬ ঘ.
bdnews24