ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রীর অনুমোদন ছাড়া কমিশনার মর্যাদার কয়েকটি পদায়ন করায় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের ক্ষমতা খর্ব করা হয়েছে।
সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত স্বাক্ষরিত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, বিদায়ের আগে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এনবিআর চেয়ারম্যান নিতে পারবেন না।
চিঠিতে দেখা যায়, গত ৫ অগাস্ট অর্থমন্ত্রী এতে স্বাক্ষর করেন।
অর্থমন্ত্রী চিঠিতে বলেছেন, “গত বৃহস্পতিবার জাতীয় রাজস্ব রোর্ডের চেয়ারম্যান কমিশনার লেভেলে কয়েকটি পদায়ন করেছেন। এ ব্যাপারে আমি চেয়ারম্যানকে আগেই বলেছিলাম যাতে কোনো পদক্ষেপ গ্রহণ না করেন। তাকে কেবল বোর্ডের সদস্য পরিবর্তনের জন্য আমি অনুমোদন দিয়েছি।”
বোর্ডের বর্তমান কর্মবিন্যাসে কোনো ধরনের পরিবর্তন না আনতেও বলেছেন অর্থমন্ত্রী।
“রাজস্ব রোর্ডের চেয়ারম্যানকে ব্যক্তিগতভাবে আমি এই পদায়ন বাতিল করতে বলেছি। তিনি অতিসত্বর রাজস্ব রোর্ডের চেয়ারম্যান থেকে অন্যত্র বদলি হয়ে যাচ্ছেন। তিনি যতদিন এই পদে আছেন, ততদিন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন না।”
এনবিআর চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদের চুক্তির মেয়াদ দুই দফা বাড়ানোর পর আগামী ২৯ অক্টোবর শেষ হচ্ছে।
অর্থমন্ত্রী স্বাক্ষরিত ওই চিঠির অনুলিপি প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, জাতীয় রাজস্ব রোর্ডের চেয়ারম্যান, জাতীয় রাজস্ব রোর্ডের সদস্য মো. ফরিদ উদ্দিনের কাছেও পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/২৩২৩ ঘ.
bdnews24