ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের পদক্ষেপে ‘গভীর’ উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তারা মনে করছে, এই পদক্ষেপ নারীর ক্ষমতায়নে বাধা হিসেবে কাজ করবে।
ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিধি পরিবর্তন করে ‘সংশোধিত গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ’ জারির একটি প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদনের তিন দিন পর রোববার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ নিয়ে প্রতিক্রিয়া জানায়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, “সরকারের নিয়োগ দেওয়া ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যানের হাতে গ্রামীণ ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক মনোনয়নের ক্ষমতা দেওয়ায় বিষয়ে বাংলাদেশ সরকারের নেওয়া সাম্ú্রতিক পদক্ষেপে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন।”
“এই পদক্ষেপ বাংলাদেশে এবং প্রকৃতপক্ষে সারা বিশ্বের লাখ লাখ দরিদ্র নারীর জীবনে পরিবর্তন সূচনাকারী বিশাল অংশের নারী ঋণগ্রহিতার অধিকার খর্ব করবে।”
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসকে গত বছর অব্যাহতি দেওয়ার পরও যুক্তরাষ্ট্র অসন্তোষ প্রকাশ করেছিল।
তখন এর সমালোচনা করেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গ্রামীণ ব্যাংকে যুক্তরাষ্ট্রের কোনো লগ্নি কিংবা অনুদান না থাকলেও এনিয়ে ওয়াশিংটনের বারবার উদ্বেগের কারণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।
১৯৮৩ সালে একটি সামরিক অধ্যাদেশের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের সূচনা হওয়ার পর থেকেই ইউনূস এ প্রতিষ্ঠানের ব্যবস্থা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। শুরু থেকে এই ব্যাংকে সরকারেরও অংশীদারিত্ব রয়েছে।
অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে ২০১১ সালে তার পদে থাকা নিয়ে প্রশ্ন তোলে কেন্দ্রীয় ব্যাংক। ওই বছর মার্চে কেন্দ্রীয় ব্যাংক যখন ইউনূসকে অব্যাহতি দেয়, তখন তার বয়স প্রায় ৭১ বছর। নিয়ম অনুযায়ী, এই পদে ৬০ বছরের পর থাকা যায় না।
ইউনূস নিজেও সরকারের পদক্ষেপ মানতে নারাজ ছিলেন। ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়েও হেরে যান তিনি।
সর্বশেষ মন্ত্রিসভার সিদ্ধান্তের পর এক বিবৃতিতে তিনি আশঙ্কা প্রকাশ করেন, সরকার গ্রামীণ ব্যাংকের মালিকানা পুরোপুরিই নিতে চায়। তা প্রতিরোধে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে হিলারি ক্লিনটনের সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় গ্রামীণ ব্যাংকের এই বিষয়টি তোলার কথাও বলা হয়। ইউনূস যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারির পারিবারিক বন্ধু হিসেবে পরিচিত।
বিবৃতিতে বলা হয়, গত মে মাসে হিলারি তার সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে অনুরোধ করেছিলেন, গ্রামীণ ব্যাংকে দুর্বল করে তোলে এমন কোনো পদক্ষেপ যেন না নেওয়া হয়।
“সরকারের নেওয়া সর্বশেষ পদক্ষেপ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত এই ব্যাংকের ভবিষ্যৎ হুমকির মুখে ফেলতে পারে বলে আমরা উদ্বিগ্ন।”
কেন্দ্রীয় ব্যাংক ইউনূসকে অব্যাহতি দেওয়ার পর যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দাতা সংস্থার চাপের পরও সরকার তাকে গ্রামীণ ব্যাংকে না ফেরানোর সিদ্ধান্তে অটল থাকে। বর্তমানে ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান বর্তমানে ভারপ্রাপ্ত এমডি হিসাবে দায়িত্ব পালন করছেন।
‘ন্বচ্ছ’ প্রক্রিয়ার মাধ্যমে প্রশ্নাতীত সততা ও যোগ্যতাসম্পন্ন এমন কোনো ব্যক্তিকে গ্রামীণ ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পাওয়া নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে ওয়াশিংটন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এমআই/২২৪০ ঘ.
এ সম্পর্কিত আরো খবর
ক্স গ্রামীণ ব্যাংক রক্ষায় এগিয়ে আসুন: ইউনূস
ক্স ইউনূসের ‘বাড়তি সময়’ এমডি থাকার তদন্ত হচ্ছে
bdnews24