ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের আহ্বানে সাড়া দিয়ে চলতি রমজান মাসের বাকি দিনগুলোতে চিংড়ি ছাড়া সব ধরনের মাছ রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বাণিজ্য মন্ত্রণালয় মঙ্গলবার এই আদেশ জারি করে।
এতে বলা হয়, “পবিত্র রমজান মাসে বাজারে চাহিদা মোতাবেক মাছের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখার জন্য সরকার পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চিংড়ি ব্যাতীত ইলিশসহ সকল প্রকার কাঁচা মাছ রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।”
এর আগে রোববার এফবিসিসিআইয়ের এক বিবৃতিতে বলা হয়, রোজায় বাজার মনিটরিং সেলের পর্যবেক্ষণে তারা দেখতে পেয়েছে যে, বাজারে সব রকম মাছের দাম কয়েকগুণ বেড়ে গেছে।
এই পরিপ্রেক্ষিতে বাজারে মাছের দাম সহনীয় রাখতে রোজার বাকি দিনগুলোতে সব ধরনের মাছ রপ্তানি বন্ধ রাখার দাবি জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।
এর আগে এফবিসিসিআইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৯ জুলাই কাঁচা মরিচ, বেগুন, রসুন ও পেঁয়াজ রপ্তানিও বন্ধ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৬২৫ ঘ.
bdnews24