২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিকফা ছাড়া শুল্কমুক্ত প্রবেশাধিকার নয়: মজীনা

বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা চুক্তি (টিকফা) ছাড়া যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে না বলে আবারো জানিয়েছেন ঢাকায় নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2012, 02:10 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা চুক্তি (টিকফা) ছাড়া যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে না বলে আবারো জানিয়েছেন ঢাকায় নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্য: এগিয়ে যাওয়ার পথ’ শীর্ষক আলোচনায় টিকফা চুক্তি ও শ্রম অধিকারের বিষয় তুলে ধরে মার্কিন রাষ্ট্রদূত বলেন, “রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে কোটা প্রথা তুলে নেওয়া সম্ভব। আর এ বিষয়টি পাওয়ার সবচেয়ে ভাল উপায় হচ্ছে নিজেদের তা করে নেওয়া।” টিকফাকে একটি ‘অস্বস্তিকর’ বিষয় উল্লেখ করে তিনি জানতে চান, “এতে খারাপ কী আছে? আমি তো খারাপ কিছু দেখছি না।” মজীনা বলেন, চার বছর আলোচনার পরও টিকফার বিষয়ে অগ্রগতি না হওয়ায় বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম আইন মেনে চলার ক্ষেত্রে বাংলাদেশের পিছিয়ে পড়ার বার্তাই যাচ্ছে ওয়াশিংটনের কাছে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য বিশেষ করে তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকারের দাবি দীর্ঘ দিনের। স্বল্পোন্নত দেশ হওয়ার পরও বাংলাদেশ এ সুবিধাটি পাচ্ছে না। বাংলাদেশি কিছু কিছু পণ্য এ সুবিধা পেলেও তৈরি পোশাকসহ প্রধান রপ্তানি পণ্যগুলো এ সুবিধা থেকে বঞ্চিত। এর আগে ৬ জুন এক বৈঠকেও টিকফার বিষয়ে একই কথা বলেছিলেন মজীনা। ওই বৈঠকে তিনি বলেন, টিকফার মাধ্যমে তৈরি ফোরামই মার্কিন বাজারে পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের মতো বিষয়গুলো তুলে ধরবে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্ষিক ৬শ’ কোটি মার্কিন ডলারের বাণিজ্য হয়ে থাকে। অনুষ্ঠানে জিএসপি কর্মসূচির আওতায় তৈরি পোশাকসহ বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা চান ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহিম। বাংলাদেশকে গরিব দেশ না বলার আহ্বান জানিয়ে মজীনা বলেন, “বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ ও মানুষের জন্য এটা একটি ধনী দেশ।” “আমার উপদেশ হচ্ছে বাংলাদেশ শ্রম অধিকারকে সমর্থন করে ওয়াশিংটনের কাছে এমন বার্তা পৌঁছাতে হবে।” রাষ্ট্রদূতকে বলার মাধ্যমে জিএসপি বা অন্য বিষয়গুলো সমাধান হয়ে যাবে না বলেও জানান তিনি। মার্কিন রাষ্ট্রদূত বলেন, “শ্রম অধিকারকে সমর্থন না করায় মার্কিন এএফএল-সিআইও বাংলাদেশের জিএসপি তুলে দেওয়ার আবেদন করেছে।” টিকাফা সম্পর্কে বাংলাদেশি ব্যবসায়ীরা যথেষ্ঠ অবগত নন জানিয়ে এটিকে স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করার তাগিদ দেন ডিসিসিআই সভাপতি। তিনি বলেন, “আমার মনে হচ্ছে আমরা বিষয়টি সম্পর্কে অবগত নই। আমরা অন্ধকারে রয়েছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনএইচআই/এমডি/এএল/২০০৮ ঘ.