ঢাকা, ২৪ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সৈয়দ আবুল হোসেনের পদত্যাগকে বিশ্বব্যাংকের সামনে বাংলাদেশ সরকারের ‘পরাজয়’ হিসেবে দেখছেন তেল-গ্যাস ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ।
পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের আনা ‘দুর্নীতির’ অভিযোগের সত্যতা রয়েছে বলেও মনে করেন তিনি।
তেল-গ্যাস ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি আয়োজিত ‘বিদ্যুতের মূল্য বৃদ্ধি কতটা যৌক্তিক’ শীর্ষক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থনীতির এই অধ্যাপক।
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠার পর ১০ মাসের টানাপোড়েন শেষে সোমবার মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন সৈয়দ আবুল হোসেন।
বিশ্বব্যাংকের অভিযোগের মধ্যেই ডিসেম্বরে যোগাযোগ মন্ত্রণালয় থেকে আবুল হোসেনকে সরিয়ে দেওয়া হয়। তাকে দেওয়া হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব।
তবে দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে দাবি করে গত ২৯ জুন বিশ্ব ব্যাংক পদ্মা সেতু প্রকল্পে তাদের ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল করে।
আবুল হোসেনের পদত্যাগকে ‘অপমানজনক’ আখ্যায়িত করে আনু মুহাম্মদ বলেন,“আবুল হোসেনের পদত্যাগের মধ্য দিয়ে বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগ বাংলাদেশ সরকার মাথা পেতে নিয়েছে।
“বিশ্বব্যাংকের অভিযোগের সত্যতা রয়েছে, সে বিষয়ে স্বচ্ছ তদন্ত প্রয়োজন। কিন্তু এখন বিশ্বব্যাংক এই ঘটনাটিকে (মন্ত্রীর পদত্যাগ) তাদের এজেন্ডা বাস্তবায়নের ইন্সট্রুমেন্ট হিসেবে ব্যাবহার করবে।”
সরকার যেখানে ছিল সেখানেই ‘ফেরত’ গেছে ম্ন্তব্য করে আনু মুহাম্মদ বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণায় জনগণের মনে উদ্দীপনার সঞ্চার হয়েছিল। সরকার এর প্রতি আস্থা রাখে নি।
বিদ্যুতের মূল্য বৃদ্ধির জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সমালোচনা করে তিনি বলেন, গত বছর থেকে এ পর্যন্ত ৪-৫ বার বিদ্যুতের দাম বেড়েছে। অথচ বিদ্যুতের দাম বৃদ্ধির কারণ এবং এর প্রতিক্রিয়া সম্পর্কে এই সংস্থাটির কোনো প্রশ্ন নেই। এই সব প্রতিষ্ঠানের কাজ কী?
পাশাপাশি কুইক রেন্টাল পদ্ধতিরও সমালোচনা করেন এই অধ্যাপক।
“কুইক রেন্টাল পদ্ধতির কারণে এ বছর সরকার জ্বালানি খাতে ২৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। অথচ সরকার এই টাকায় দেশের পুরনো পাওয়ার প্ল্যাান্টগুলো মেরামত করলে ২৭০০ মেগাওয়াট বিদুৎ বাড়তি উৎপাদন সম্ভব হত।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তেল-গ্যাস ও বিদুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার শেখ মো. শহীদুল্লাহ, ইঞ্জিনিয়ার বিডি রহমতুল্লাহ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সদস্য রুহিন হোসেন প্রিন্স, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সভাপতি মোশরেফা মিশু প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এইচএ/২২৩২ ঘ.
bdnews24