ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের বাধার মুখে অর্থমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি পণ্ড হওয়ার পর ছয় দিন ধরে প্রেসক্লাবের সামনে অনশন করেও কোনো প্রতিকার পাননি ইউনিপে টু ইউ -এর প্রতারিত বিনিয়োগকারীরা।
মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি (এমএলএম) ইউনিপে টু ইউর মেম্বারস ক্লাবের সভাপতি সারোয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছয়দিন ধরে আমরা এখানে অনশন করছি। অথচ আমাদের সঙ্গে সরকারের কোনো প্রতিনিধি দেখা করে নাই। কোনো আশ্বাস নিয়ে কেউ আসছে না।”
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জব্দকৃত টাকা বিনিয়োগকারীদের মধ্যে বণ্টন করে দিতে সরকারের কাছে অনুরোধ করেন তিনি।
মোর্শেদ বলেন, “দিন ও রাতে পালাবদল করে পঁচিশজন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী প্রেসক্লাবের সঙ্গে অনশন করছি। আমাদের ভীষণ কষ্ট হচ্ছে। এছাড়া আমাদের আর কোনো উপায়ও নাই।”
দুদকের জব্ধ করা ৪১৯ কোটি টাকা ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীতে মধ্যে বণ্টন করে দেওয়ার দাবিতে ১৫ জুলাই প্রায় পাঁচশতাধিক বিনিয়োগকারী অর্থমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের জন্য মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়। সংগঠনের সাধারণ সম্পাদকসহ সাতজনকে আটক করে নিয়ে যায় পুলিশ।
পুলিশের বাধার পর বিনিয়োগকারীরা প্রেস ক্লাবের সামনে অনশন শুরু করেন।
কথিত মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি (এমএলএম) ইউনিপে টু ইউ’র বিরুদ্ধে ১০ মাসে দ্বিগুণ লাভ দেওয়ার প্রতিশ্র“তি দিয়ে বিপুল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। গত ৯ মে ৬ হাজার কোটি টাকার প্রতারণা মামলায় ১২ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় একটি মামলা করা হয়।
পুলিশ ইতিমধ্যে কোম্পানির দুই পরিচালক মুনতাসির হোসেন ইমন ও জামসেদসহ কয়েকজন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/২০৫২ ঘ.
bdnews24