২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মূল্যস্ফীতি কমানোর লক্ষ্য নিয়ে নতুন মুদ্রানীতি

মূল্যস্ফীতির চাপ কমানোর পাশাপাশি বেসরকারি খাতে ঋণ নিশ্চিত করে প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্য নিয়ে বছরের দ্বিতীয়ার্ধের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 06:12 AM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মূল্যস্ফীতির চাপ কমানোর পাশাপাশি বেসরকারি খাতে ঋণ নিশ্চিত করে প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্য নিয়ে বছরের দ্বিতীয়ার্ধের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। গভর্নর আতিউর রহমান বুধবার সকালে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে জুলাই-ডিসেম্বর মেয়াদের এই নতুন মুদ্রানীতি ঘোষণা করেন। তিনি বলেন, “বাজেটের লক্ষ্যমাত্রা অনুযায়ী মূল্যস্ফীতির হার ৭ দশমিক ৫ ভাগে নামিয়ে আনাই আজকের মুদ্রানীতির প্রধান চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় চাহিদা প্রবৃদ্ধির পরিমিতির পাশাপাশি যোগান প্রসারের দিকেও আমাদের মূদ্রানীতি সমর্থন দিয়ে এসেছে।” বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, গত অর্থবছরের শেষ মাসে মূল্যস্ফীতি কমে এলেও বার্ষিক গড় মূল্যস্ফীতি দুই অংকের ঘরেই ছিল। ২০১১ সালের জুলাই থেকে ২০১২ সালের জুন পর্যন্ত এক বছরে গড় মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৬২ শতাংশ। এই হারকে বাজেটের প্রত্যাশা অনুযায়ী ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনাই নতুন মুদ্রানীতির অন্যতম লক্ষ্য বলেও জানান গভর্নর। এছাড়া প্রবৃদ্ধি বাড়াতে এবার বেসরকারি খাতে ঋণের প্রবাহ ১৮ দশমিক ৩ শতাংশ বাড়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গত অর্থবছরের শেষ মাস জুনে এই বৃদ্ধির হার ১৮ শতাংশ ছিল বলে ধারণা করা হচ্ছে। মুদ্রানীতিতে বলা হয়েছে, সরকারের ঋণ যাতে বাণিজ্যিক ব্যাংকগুলোর তারল্য কমিয়ে না দেয়- সেদিকে বাংলাদেশ ব্যাংক বিশেষভাবে নজর রাখবে। এছাড়া বিদেশি মুদ্রা বিনিময় হারের ‘অতি অস্থিরতা’ রোধ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক। এতে সরকারি বন্ডের প্রাইমারি ডিলার ব্যাংকের ওপর চাপ কমাবে বলেও মুদ্রানীতিতে আশা প্রকাশ করা হয়েছে। চলতি ২০১২-১৩ অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ। গভর্নর বলেন, “বিদেশি মুদ্রার মজুদ এবং বছর শেষে সামগ্রিক লেনদেনের স্বস্তিকর ভারসম্যের প্রতি মুদ্রানীতির সামগ্রিক দৃষ্টি নিয়োজিত থাকবে। তবে বিশ্ব বাণিজ্যে মন্থর প্রবৃদ্ধির প্রেক্ষাপটে আমাদের বিদেশি মজুদের প্রবৃদ্ধির প্রাক্কলন তেমন উচ্চাভিলাষী মাত্রায় করা হয়নি।” “বৈদেশিক মুদ্রা বাজারে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ টাকার বিনিময় হারে বাজারভিত্তিক নমনীয়তা বজায় রাখা এবং অস্বাভাবিক অস্থিতিশীলতা এড়ানোর জন্য প্রয়োজনীয় মাত্রায় সীমিত থাকবে”, যোগ করেন আতিউর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এআরএইচ/জেকে/১২০১ ঘ.