ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংকের জন্য অর্ধ কোটি টাকার মধ্যে জিপ কেনার বাধ্যবাধকতা বাতিল করে তা ৮৫ লাখ টাকা পর্যন্ত উন্নীত করেছে কেন্দ্রীয় ব্যাংক। আর তা কিনতে হবে রাষ্ট্রায়ত্ত প্রগতির কাছ থেকে।
সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ কথা বলা হয়েছে।
সার্কুলারে বলা হয়, ২০০৯ সালের ৬ ডিসেম্বর জারি করা ‘বিলাসবহুল যানবাহন ও আড়ম্বরপূর্ণ সাজসজ্জায় উচ্চব্যয় পরিহার’ শীর্ষক সার্কুলারটি বাতিল করে এই নতুন সার্কুলার জারি করা হয়েছে।
এতে ৩৫ লাখ টাকা অধিক মূল্যের মোটরকার বা ৫০ লাখ টাকার বেশি দামের জিপ ব্যাংক-কোম্পানির অর্থে কেনা যাবে না বলে উল্লেখ করা হয়েছে। তবে রাষ্ট্রায়ত্ত গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে ৮৫ লাখ টাকা পর্যন্ত দামের জিপ কেনা যাবে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক কে এম আব্দুল ওয়াদুদ স্বাক্ষরিত নতুন সার্কুলারটি অবিলম্বে কার্যকর হবে বলে বলা হয়েছে।
এর আগে ২০০৯ সালের সার্কুলারে বলা হয়েছিল, ৩৫ লাখ টাকা বেশি দামের মোটরকার এবং ৫০ লাখ টাকার অধিক মূল্যের জিপ গাড়ি ব্যাংকের অর্থে কেনা যাবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/২২১৫ঘ.
bdnews24