ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী ও তদন্ত কর্মকর্তাদের টেলিফোন বা মোবাইল ফোনে অনুসন্ধান ও যোগাযোগ নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন চেয়ারম্যান গোলাম রহমান।
কমিশন কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠার প্রেক্ষাপটে মঙ্গলবার সেগুনবাগিচায় কমিশন কার্যালয় এক প্রেস ব্রিফিংয়ে দুদক চেয়ারম্যান এই তথ্য জানিয়েছেন।
গোলাম রহমান বলেন, দুদক একটি সংবিধিবদ্ধ সংস্থা, কারো একক অভিপ্রায়ে দুদকের তফসিলভুক্ত কোনো অপরাধের বিষয়ে অনুসন্ধান শুরু, মামলা রুজু, তদন্ত পরিচালনা এবং অভিযোগ বা মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুযোগ নেই।
“এজন্য দুদকে কোনো অভিযোগ অনুসন্ধানের জন্য গৃহীত হলে সংশ্লিষ্ট অনুসন্ধানকারী কর্মকর্তা তা লিখিতভাবে অভিযুক্ত ব্যক্তিকে অবহিত করে থাকেন। এক্ষেত্রে সব ধরনের যোগাযোগ লিখিতভাবে করার নির্দেশ দেওয়া হয়েছে।”
দুদকের কর্মকর্তা পরিচয় দিয়ে মোবাইল ফোনে অথবা টেলিফোনের মাধ্যমে কাল্পনিক অভিযোগ অথবা কমিশনের বিবেচনাধীন অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস ও নানা প্রকার ভয়-ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়ার কথাও জানান গোলাম রহমান।
তিনি বলেন, দুদক ঘটনাগুলো আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে র্যাব একটি প্রতারক চক্রের সক্রিয় দুই সদস্যকে গত ৫ জুলাই গ্রেপ্তার করে।
কেউ দুদকের পরিচয় দিয়ে অনৈতিক আর্থিক সুবিধা চাইলে সঙ্গে সঙ্গে তা কমিশনের পরিচালক (পর্যবেক্ষন ও মূল্যায়ন) মেজর আশিষ সরকারকে (টেলিফোন নম্বর-৯৩৫২৫৫২, মোবাইল নম্বর-০১৭৩০৩০৩২০১) জানাতে অনুরোধ করেছেন গোলাম রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/০০১০ ঘ.
bdnews24