২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁচপুরে গার্মেন্টসে শ্রমিক বিক্ষোভ

ছাঁটাই ও মামলাসহ বিভিন্ন কারণে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে একটি তৈরি পোশাক কারখানায় মঙ্গলবার বিক্ষোভ করেছে শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2012, 04:57 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

নারায়ণগঞ্জ, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাঁটাই ও মামলাসহ বিভিন্ন কারণে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে একটি তৈরি পোশাক কারখানায় মঙ্গলবার বিক্ষোভ করেছে শ্রমিকরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে এসক্যোয়র নিট কম্পোজিট কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানার শ্রমিক আনোয়ারা ও জোবাইদাসহ কয়েকজন জানান, গত কয়েকদিন ধরে শতকরা ১৫ ভাগ বেতন বৃদ্ধির দাবিতে এবং শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। সোমবার সকালে কারখানার বিক্ষুব্ধ শ্রমিকদের মারধরে কারখানার আট কর্মকর্তা আহত হন। ওই ঘটনায় সোমবার রাতেই কারখানার ব্যবস্থাপনা পরিচালক এহসানুল করিম ভূইয়া বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় ৩০০ শ্রমিককে আসামি করে মামলা করেন। এছাড়া শ্রমিক অসন্তোষ এবং হামলায় জড়িত অভিযোগে ৭০ জন শ্রমিককে ছাঁটাইয়ের নোটিশ কারখানা ফটকে ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। ওই নোটিশ দেখে কাজে যোগ দিতে আসা শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। তারা কারখানার বাইরে বিক্ষোভ করে। পরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। সোনারগাঁও থানার ওসি হারুন-অর রশিদ বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫২ ঘ.