ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প পদ্মা সেতু নিয়ে সরকারের অবস্থান দাতা গোষ্ঠীর কাছে তুলে ধরে বিশ্ব ব্যাংকের সিদ্ধান্তের বিচার তাদের কাছেই চেয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার বিকালে শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষের এই বৈঠকে ১৮টি দাতা দেশ ও সংস্থার স্থানীয় প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হলেও বিশ্ব ব্যাংকের কোনো প্রতিনিধি এতে উপস্থিত হননি।
বৈঠকে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি না দেখতে পেয়ে সংস্থাটির ঢাকা কার্যালয়ে যোগাযোগ করা হলে জনসংযোগ কর্মকর্তা মেহরিন এ মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই ধরনের বৈঠকে সাধারণত বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি অংশ নেন। অ্যালেন গোল্ডস্টেইন মানে বর্তমান আবাসিক প্রতিনিধি দেশে না থাকায় বৈঠকে তাদের প্রতিনিধিত্ব নেই।
দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে দাবি করে পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি গত ২৯ জুন বাতিল করে বিশ্ব ব্যাংক। ২৯০ কোটি ডলারের এই প্রকল্প থেকে এরপর এশীয় উন্নয়ন ব্যাংকও (এডিবি) সরে দাঁড়ায়।
অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে এডিবি ছাড়াও পদ্মা প্রকল্পে অর্থায়নে চুক্তিবদ্ধ অন্য দুই সংস্থা ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) ও জাইকার প্রতিনিধিরাও ছিলেন।
এক ঘণ্টার কম সময়ের বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, “পদ্মা সেতু নিয়ে আমি স্থানীয় কনসালটেটিভ গ্রুপকে আমাদের সরকারের অবস্থান তুলে ধরেছি। কয়েকদিন আগে আমি জাতীয় সংসদে যে স্টেটমেন্ট দিয়েছিলাম। সেটাই আমি তাদের সামনে তুলে ধরেছি।
“তাতে আমি বলেছি, পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংক দুর্নীতির যে অভিযোগ করেছে, তা মোটেই সত্য নয়।”
“আমি স্থানীয় কনসালটেটিভ গ্রুপকে বিশ্ব ব্যাংকের অভিযোগ রিভিউ করতে বলেছি। তাদের আমি বলেছি, আপনারাই বিচার করুন, বিশ্ব ব্যাংক আমাদের যে মর্যাদাহানি করেছে তা ঠিক নয়।”
অর্থমন্ত্রীর এই বৈঠকের কয়েক ঘণ্টা আগেই মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বিশ্ব ব্যাংকের সিদ্ধান্ত বাতিলের জন্য সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে আর কোনো অনুরোধ জানানো হবে না।
একদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বক্তব্যে বিশ্ব ব্যাংকের কড়া সমালোচনার পর নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মাণের রূপরেখা প্রকাশ করেন।
পদ্মা সেতুর বিষয়ে দাতাদের কাছে কোনো পরামর্শ চেয়েছেন কিনা- এই প্রশ্নের উত্তরে মুহিত বলেন, “আমি তাদের কাছে কোনো পরামর্শ চাইনি। আমি শুধু আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি।”
স্থানীয় কনসালটেটিভ গ্রুপের কো-চেয়ারম্যান জাতিসংঘের আবাসিক প্রতিনিধি নিল ওয়াকার সাংবাদিকদের বলেন, “আমরা এখানে এসেছি সরকারের অবস্থান জানতে। অর্থমন্ত্রী আমাদের তা জানিয়েছেন।”
এর বাইরে আর কোনো কথা বলতে রাজি হননি ওয়াকার।
নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে উপস্থিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈঠকে অর্থমন্ত্রী বলেছেন, বিশ্ব ব্যাংক অন্য তিন দাতা সংস্থার সঙ্গে (এডিবি, জাইকা ও আইডিবি) কোনো ধরনের আলোচনা না করেই ঋণচুক্তি বাতিল করেছে। বিশ্ববাসীর সামনে বাংলাদেশকে ছোটো করার জন্যই বিশ্ব ব্যাংক এটা করেছে।”
দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক অর্থায়ন বাতিলের পর দাতা গোষ্ঠীর স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে এই জরুরি বৈঠকে বসেন অর্থমন্ত্রী।
বিশ্ব ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা করলেও মুহিত সাংবাদিকদের বলেন, পদ্মা সেতু প্রকল্পে দাতা সংস্থাগুলোর অংশগ্রহণ করা উচিত।
গত ২ জুলাই সংসদে বিবৃতিতে অর্থমন্ত্রী দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করলেও বিশ্ব ব্যাংকের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন। যে কোনো সময় সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথাও বলেছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএসজেড/এমআই/১৮১৪ ঘ.
bdnews24