২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিশ্ব ব্যাংকের কাছে এই মুহূর্তে আর অনুরোধ নয়’

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের রূপরেখা প্রধানমন্ত্রী প্রকাশের পরদিন মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হলেও বিশ্ব ব্যাংকের অর্থায়নের পথও কার্যত খোলা রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2012, 07:40 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থের অপেক্ষা না করে নিজস্ব অর্থায়নে যত দ্রুত সম্ভব নির্মাণ কাজ শুরুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের রূপরেখা প্রধানমন্ত্রী সংসদে প্রকাশ করার পরদিন সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ওই বৈঠকে বিশ্ব ব্যাংকের অর্থায়নের পথও খোলা রাখা হয়েছে। তবে এক্ষেত্রে নিজেদের ‘ভুল’ স্বীকার করে বিশ্ব ব্যাংককেই এগিয়ে আসতে হবে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, “সরকার বিশ্ব ব্যাংককে এ প্রকল্পে অর্থায়ন বা ঋণ চুক্তি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ এই মুহূর্তে জানাবে না। কারণ এতে সরকারের কোনো ত্রুটি বা দোষ নেই। এদেশের মানুষ মনে করে, বিশ্ব ব্যাংকের সিদ্ধান্ত অন্যায্য ও অনৈতিক ছিল।” বৈঠকে দ্রুততম সময়ের মধ্যে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরুর সিদ্ধান্ত হয় বলেও জানান তিনি। দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে দাবি করে পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি গত ২৯ জুন বাতিল করে বিশ্ব ব্যাংক। এরপর এডিবিও ২৯০ কোটি ডলারের এই প্রকল্প থেকে সরে দাঁড়ায়। দাতা সংস্থা অর্থায়ন বাতিলের পর শেখ হাসিনা রোববার সংসদে নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মাণের রূপরেখা ঘোষণা করেন। পদ্মা সেতুর সম্ভাব্য নির্মাণ ব্যয় ২২ হাজার ৫৫৪ কোটি ২২ লাখ টাকা ধরে ২০১৫-১৬ অর্থবছর পর্যন্ত কোন বছরে কত টাকা অর্থায়ন হবে, সে পরিকল্পনাও তিনি তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, “আমরা নিজেরাই সেতুর কাজ শুরু করতে পারি। এর মাঝে, বিদেশিরা যদি আসতে চায়, আসতে পারে।” মন্ত্রিসভার বৈঠকের পর সচিব বলেন, সরকার নিজস্ব অর্থায়নে শিগগিরই পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণ কাজ শুরু করবে। নিজস্ব অর্থায়নের পাশাপাশি বিকল্প অর্থায়নের উৎসও খোঁজা হবে। এতে দেশের অর্থনীতিতে যাতে নেতিবাচক প্রভাব না পড়ে, তা বিবেচনায় রাখা হবে। “মন্ত্রিসভা মনে করে, বিশ্ব ব্যাংকের কারণে এ সেতু নির্মাণে আমাদের অনেক বিলম্ব হয়েছে। এক্ষেত্রে আর কোনো বিলম্ব গ্রহণযোগ্য নয়,” বলেন মোশাররাফ। নিজস্ব অর্থায়নের উৎসের বিষয়ে তিনি বলেন, সরকার যে বাজেট ঘোষণা করেছে এর বিভিন্ন প্রকল্পের অগ্রাধিকার পর্যালোচনা করে এগুলো বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে। এতে যেগুলো দ্রুত বাস্তবায়নের প্রয়োজন নেই অথবা যেসব প্রকল্পের অর্থ পরে ছাড় করলেও সমস্যা নেই, সেগুলো থেকে অর্থ নিয়ে পদ্মা সেতুর কাজ শুরু করা হবে। পদ্মা সেতুর কাজ শুরু করতে চলতি অর্থবছরে ২৭ কোটি ৫০ লাখ ডলারের প্রয়োজন হবে বলে জানিয়ে তিনি বলেন, সরকারের বর্তমানে যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে, তাতে এক বিলিয়ন ডলার ব্যয় হলেও কোনো সমস্যা হবে না। এরপরও দেশে রেমিটেন্স আসা অব্যাহত রয়েছে। অনেক প্রবাসীও এ প্রকল্পে অর্থের যোগান দেওয়ার আগ্রহ দেখিয়েছে। প্রধানমন্ত্রী সংসদে ভাষণে দেরির জন্য বিশ্ব ব্যাংকের কাছে ক্ষতিপূরণ চাওয়ার কথা বলেছিলেন। এই বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে কি না- জানতে চাইলে সচিব বলেন, বিশ্ব ব্যাংকের সিদ্ধান্তের কারণে শুধু আর্থিক ক্ষতিই নয় দেশের ভাবমূর্তিরও ক্ষতি হয়েছে। এসব উদ্ধারে পদক্ষেপ নেওয়ার বিষয়ে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। “বিশ্ব ব্যাংক যে অন্যায় সিদ্ধান্ত নিয়েছে, তা নিরসনেও পদক্ষেপ নেওয়া হবে,” সরাসরি উত্তর এড়িয়ে যান তিনি। বিশ্ব ব্যাংকের জন্যও পথ খোলা বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য এই মুহূর্তে অনুরোধ জানানো হবে না বলে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিলেও সংস্থাটি চাইলে আগের সিদ্ধান্ত থেকে সরে এসে অর্থায়ন করতে পারবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, “তারা নিজেরা ভুল বুঝতে পেরে টাকা দিতে আগ্রহ দেখালে সরকার তা বিবেচনা করবে।” বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগ তুললেও তা সরকারের পক্ষ থেকে বরাবরই প্রত্যাখ্যান করা হচ্ছে। তদন্তের পর্যায়ে বিশ্ব ব্যাংকের চূড়ান্ত সিদ্ধান্তেও অসন্তোষ প্রকাশ করে আসছে সরকার। বিশ্ব ব্যাংকের সঙ্গে আলোচনা কি একেবারেই শেষ- জানতে চাইলে মোশাররাফ হোসাইন ভূইঞা পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের সঙ্গে আলোচনা কখনোই হবে না, একথা কিন্তু বলিনি। বিশ্ব ব্যাংকের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য এই মুহূর্তে অনুরোধ না জানানো সরকারের এখনকার অবস্থান।” পদ্মা সেতু প্রকল্পে শূন্য দশমিক ৭৫ শতাংশ সুদে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার ঋণ দেওয়ার কথা ছিল। বিকল্প কোনো উ”স থেকে ঋণ নিয়ে সুদের হার অনেক বেশি হবে বলে অর্থনীতিবিদরা বলে আসছেন। মন্ত্রিপরিষদ সচিবও বিশ্ব ব্যাংকের স্বল্প সুদের হারের বিষয়টি তুলে ধরেন। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিলের সিদ্ধান্ত যে সঠিক হয়নি, তাই তাদের কাছে তুলে ধরা হবে। নিজস্ব অর্থায়নের পাশাপাশি অন্য দাতা ও উন্নয়ন সহযোগী দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার সিদ্ধান্তও নিয়েছে মন্ত্রিসভা। এক্ষেত্রে জাইকা, এডিবি ও আইডিবির মতো যারা আগ্রহ দেখাচ্ছে, এমন সংস্থা ও দাতাদের সঙ্গে এ নিয়ে আলোচনা চালিয়ে যাওয়া হবে বলে জানান সচিব। মন্ত্রিসভার বৈঠকের কয়েক ঘণ্টা পর পদ্মা সেতু প্রকল্প নিয়ে দাতা সংস্থা ও দেশের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে সরকারের অবস্থান তুলে ধরেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিকালে শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষের এই বৈঠকে ১৮টি দাতা দেশ ও সংস্থার স্থানীয় প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হলেও বিশ্ব ব্যাংকের কোনো প্রতিনিধি এতে উপস্থিত হননি। বৈঠকে এডিবি ছাড়াও পদ্মা প্রকল্পে অর্থায়নে চুক্তিবদ্ধ অন্য দুই সংস্থা ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) ও জাইকার প্রতিনিধিরাও ছিলেন। অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, “আমি স্থানীয় কনসালটেটিভ গ্রুপকে বিশ্ব ব্যাংকের অভিযোগ রিভিউ করতে বলেছি। তাদের আমি বলেছি- আপনারাই বিচার করুন, বিশ্ব ব্যাংক আমাদের যে মর্যাদাহানি করেছে তা ঠিক নয়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এআরএইচ/জেকে/এমআই/১৯১০ ঘ. এ সম্পর্কিত আরো খবর ক্স পদ্মা সেতু: ‘সরকারের পদক্ষেপে সন্তুষ্ট জাপান’ ক্স পদ্মা সেতুর জন্য একদিনের বেতন দিচ্ছেন সরকারি কর্মীরা ক্স বিশ্ব ব্যাংকের বিচার চাইলেন অর্থমন্ত্রী ক্স পদ্মা সেতু: বিশ্ব ব্যাংকের সিদ্ধান্তে নিউ ইয়র্কে বিক্ষোভ