ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিলের প্রেক্ষাপটে দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণের রূপরেখা সংসদে তুলে ধরে এই অর্থবছরেই কাজ শুরুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে সংসদ নেতা পদ্মা সেতুর সম্ভাব্য নির্মাণ ব্যয় ২২ হাজার ৫৫৪ কোটি ২২ লাখ টাকা ধরে ২০১৫-১৬ অর্থবছর পর্যন্ত কোন বছরে কত টাকা অর্থায়ন হবে, তা তুলে ধরেন।
পদ্মা সেতুর জন্য চলতি বাজেটে অর্থ বরাদ্দের তথ্য তুলে ধরে দেশের বহু প্রতীক্ষিত এই সেতুর কাজ চলতি অর্থবছর থেকে শুরু হবে বলে জানান শেখ হাসিনা।
পাশাপাশি চলতি বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ৫৫ হাজার কোটি টাকা থাকার তথ্য জানিয়ে তিনি বলেন, “উন্নয়ন বাজেট থেকে আমরা সাশ্রয় করত পারব। বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে আমার কথা হয়েছে। আমাদের কৃচ্ছতা সাধন করতে হবে।”
পদ্মা সেতু নির্মাণের জন্য ২০১২-১৩ অর্থবছরে ৩ হাজার ১৯৭ কোটি ৯৭ লাখ, ২০১৩-১৪ অর্থবছরে ৭ হাজার ৮৬৮ কোটি ১৮ লাখ, ২০১৪-১৫ অর্থবছরে ৭ হাজার ৭৮৬ কোটি ৫ লাখ এবং ২০১৫-১৬ অর্থবছরে ৩ হাজার ৭০০ কোটি ৮৫ লাখ টাকা খরচ করা হবে।
এর মধ্যে মূল সেতু নির্মাণে ১৫ হাজার কোটি টাকা, নদী শাসনে ৭ হাজার ২০০ কোটি টাকা, জাজিরা পয়েন্টে সংযোগ সড়ক নির্মাণে ১ হাজার ৩৫০ কোটি, মাওয়া পয়েন্টে সংযোগ সড়ক নির্মাণে ৩১০ কোটি টাকা ব্যয় হবে বলে প্রধানমন্ত্রী জানান।
সেতুর জন্য ভূমি অধিগ্রহণে ইতোমধ্যে ১ হাজার ৫০০ কোটি ব্যয় হয়েছে বলে জানান তিনি।
সেতুতে অর্থায়নে ৭৫ কোটি ডলারের সার্বভৌম (সভরেন) বন্ড ছাড়া এবং সারচার্জ আরোপ করা হতে পারে বলেও প্রধানমন্ত্রী জানান। পাশাপাশি চলতি বাজেটে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) প্রকল্পের জন্য ৩ হাজার কোটি টাকা থেকেও পদ্মা প্রকল্পে অর্থায়নের ইঙ্গিত দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “আমরা নিজেরাই সেতুর কাজ শুরু করতে পারি। বিদেশিরা যদি আসতে চায়, আসতে পারে।”
দুর্নীতির অভিযোগ তুলে দেশের বৃহত্তম অবকাঠামো প্রকল্প থেকে গত ২৯ জুন বিশ্ব ব্যাংক সরে যাওয়ার পর দেশীয় অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের কথা সরকারি দলের নেতারা বলে আসছিলেন। এর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী রোববার রূপরেখা দিলেন।
বিশ্ব ব্যাংকের সিদ্ধান্তে উষ্মা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “তারা কোনো টাকাই দেয়নি, দুর্নীতির প্রশ্ন আসে কীভাবে?”
দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে দাবি করে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিলের ঘোষণা দেয় বিশ্ব ব্যাংক। ২৯০ কোটি ডলারের এই প্রকল্পে এডিবি, আইডিবি ও জাইকারও ঋণ দেওয়ার কথা ছিল।
শেখ হাসিনা বিশ্ব ব্যাংকের সমালোচনা করে বলেন, “তারা আমাদের গিনিপিগ করে রাখতে চায়। দুর্বল করে রাখতে চায়। তারা চায় আমরা যেন সারাক্ষণ হাত পেতে থাকি। আমরা তাদের কাছ থেকে ঋণ নেই, সেই ঋণ সুদে-আসলে ফেরত দিয়ে থাকি, ভিক্ষা নিই না।”
“তাদের প্রেসক্রিপশনে আদমজী পাটকল বন্ধ করে পাট শিল্পকে ধ্বংস করা হয়েছে। তাদের পরামর্শে চলতে গিয়ে আমাদের রেল প্রায় মৃত। বিআরটিসি বন্ধ করে দেওয়ার কথা বলেছিল, টিসিবি বন্ধ করে দেওয়ার কথা বলেছিল। তাদের পরামর্শে শিল্প প্রতিষ্ঠান ঢালাও বেসরকারিকরণ করা হয়েছিল,” বলেন তিনি।
পদ্মা সেতু নির্মাণে কোনো দুর্নীতি হয়নি দাবি করে প্রধানমন্ত্রী আবারও বলেন, যে অভিযোগ তোলা হয়েছে, তার প্রমাণ মিললে ব্যবস্থাও সরকার নেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২১১৪ ঘ.
bdnews24