২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুয়া চালানে ভ্যাট ফাঁকি দিলে জেল-জরিমানা

জাল দলিল বা ভুয়া চালান দেখিয়ে মূল্য সংযোজন কর (ভ্যাট বা মূসক) ফাঁকির অপরাধে জেল-জরিমানার বিধান রেখে মূল্য সংযোজন কর আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 11:27 AM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাল দলিল বা ভুয়া চালান দেখিয়ে মূল্য সংযোজন কর (ভ্যাট বা মূসক) ফাঁকির অপরাধে জেল-জরিমানার বিধান রেখে মূল্য সংযোজন কর আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। এছাড়া কৃষি, শিল্প, পরিবেশ ও আদমশুমারি সংক্রান্ত তথ্য সংগ্রহের বিধান রেখে ‘পরিসংখ্যান আইন’ এবং নদী দখল ও বিভিন্ন অনিয়ম রোধে নদী কমিশন গঠনের সুযোগ রেখে ‘জাতীয় নদীরক্ষা কমিশন’ আইনের খসড়াও মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা। বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, মূল্য সংযোজন কর আইন, ২০১২ এবং পরিসংখ্যান আইন, ২০১২-এর খসড়ায় মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এ দুটি প্রস্তাব যাচাই বাছাই শেষে পাসের জন্য জাতীয় সংসদে তোলা হবে। এছাড়া জাতীয় নদীরক্ষা কমিশন আইন, ২০১২-এর খসড়া মন্ত্রিসভার নীতিগত অনুমোদন পেয়েছে বলে সচিব জানান। এ আইনের খসড়াটি মতামত (ভেটিং) নেওয়ার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। তাদের মতামত পেলেই আইনটি চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। পরে তা পাসের জন্য জাতীয় সংসদে যাবে। বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরের খসড়া প্রস্তাবও বৈঠকে অনুমোদন করা হয়েছে বলেও সচিব জানান। মূল্য সংযোজন কর (মূসক) আইন মন্ত্রিসভায় অনুমোদিত মূসক আইনে করের আওতা ও ভিত্তি সম্প্রসারণ করা হয়েছে। এটি একটি অর্থবিল হওয়ায় রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে শিগগিরই জাতীয় সংসদে উপস্থাপনের জন্য পাঠানো হবে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান। প্রাতিষ্ঠানিক পর্যায়ে জাল দলিল ও ভুয়া চালান দাখিল করে মূসক ফাঁকি দেওয়ার চেষ্টা করলে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখার কথা বলা হয়েছে প্রস্তাবিত আইনে। তবে ব্যক্তি পর্যায়ে মূসক ফাঁকির জন্য এবং মূসক কর্মকর্তাদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ডের প্রস্তাব করা হয়েছে। মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, “এ সংক্রান্ত আগের সব আইন সমন্বিত করে নতুন এ আইন করা হয়েছে। নতুন আইনটি সংক্ষিপ্ত করে ভাষা সংক্রান্ত জটিলতাও দূর করা হয়েছে।” আগের আইনে কর ফাঁকি এবং কর আদায়ে বাধা দেওয়া সংক্রান্ত অপরাধে মামলার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমোদন লাগত। নতুন আইন পাস হলে শুধু কর কমিশনারের অনুমোদনেই মামলা করা যাবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, মূসক খেলাপীদের বিরুদ্ধে আগে বিশেষ আদালতে মামলা দায়ের করার বিধান ছিল। নতুন আইনে বিচারিক হাকিম (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) আদালতে মামলা করা যাবে। এতে বিচার দ্রুততর হবে। আগের মূসক আইনে ব্যবসায়িক লেনদেন ৬০ লাখ টাকা পর্যন্ত থাকলে কর অব্যাহতির সুযোগ ছিল। নতুন আইনে এর পরিমাণ বাড়িয়ে ৭০ লাখ টাকা করা হয়েছে। একক হিসাব পদ্ধতি চালু, লেনদেনের ভিত্তিতে ভ্যাট আদায় ও লেনদেনের ক্ষেত্রে ইনভয়েস বাধ্যতামূলক করারও প্রস্তাব করা হয়েছে নতুন আইনে। এছাড়া মাসিক রিটার্নের ভিত্তিতে কর আদায় করার বিধান রাখা হয়েছে। সচিব বলেন, “এ আইনের ফলে ভাল করদাতাদের উৎসাহিত করতে পুরস্কার প্রবর্তন এবং বিকল্প বিরোধ নিষ্পত্তির সুযোগ রাখা হয়েছে।” চলতি বছরের ৬ ফেব্রুয়ারি এ আইনের খসড়া মন্ত্রিসভায় ওঠে। এটি আরো যাচাই-বাছাই ও পর্যবেক্ষণের জন্য প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মশিউর রহমানের নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটি করা হয়। পর্যক্ষেণ ও যাচাই-বাছাই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই প্রস্তাবে গত ১২ মার্চ নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। জাতীয় নদীরক্ষা কমিশন আইন নদী দখল ও অবৈধ অবকাঠামো নির্মাণ বন্ধ এবং বিভিন্ন অনিয়ম রোধে নদী কমিশন গঠনের বিধান রেখে ‘জাতীয় নদীরক্ষা কমিশন আইন’এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই কমিটিতে একজন চেয়ারম্যান ও পাঁচজন সদস্য থাকবেন। প্রস্তাবিত আইন অনুযায়ী চেয়ারম্যান হবেন কমিশনের প্রধান নির্বাহী এবং সদস্যরা তাকে সহায়তা করবেন। কমিশনের চেয়ারম্যান ও একজন সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। অন্য সদস্যরা হবেন অবৈতনিক। নদী অথবা পানি বিশেষজ্ঞ, পরিবেশ বিশেষজ্ঞ, নদী প্রকৌশলী ও মানবাধিকার কর্মী বা আইনবিদদের নিয়ে এ কমিশন গঠিত হবে। এতে নূন্যতম একজন মহিলা সদস্য থাকবেন। নিজস্ব কার্যালয় ছাড়াও কমিশনকে সহায়তা দিতে স্থায়ী জনবল কাঠামো থাকবে। কমিশনের প্রধান কার্যালয় হবে ঢাকায়। তবে সরকারের অনুমোদন নিয়ে আঞ্চলিক কার্যালয়ও স্থাপন করতে পারবে কমিশন। বাছাই কমিটির সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি এ কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ দেবেন। কমিশনের প্রত্যেকের মেয়াদ হবে তিন বছর। একই ব্যক্তি দুই মেয়াদের বেশি কোনো পদে থাকতে পারবেন না। সচিব বলেন, “নদীর অবৈধ দখল, পরিবেশ দূষণ, শিল্প-কারখানা সৃষ্ট নদীদূষণ, অবৈধ অবকাঠামো নির্মাণ এবং বিভিন্ন অনিয়ম ঠেকাতে এবং নদীর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার, নদী রক্ষণাবেক্ষণ এবং নদীকে নৌ-পরিবহনযোগ্য করে তোলাসহ আর্থ-সামাজিক উন্নয়নে নদীর বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করতে বিভিন্ন সুপারিশ প্রণয়ন ও বাস্তবায়নে কমিশন ভূমিকা রাখবে।” আইনে বলা হয়েছে, নদীর উন্নয়ন বিষয়ে গবেষণা পরিচালনা, নদীর পরিবেশগত ভারসাম্য ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা, নদী রক্ষায় স্বল্পকালীন ও দীর্ঘকালীন পরিকল্পনা নেওয়া এবং নদী রক্ষায় কমিশন জনসচেতনতামূলক কার্যক্রম চালাবে। পরিসংখ্যান আইন কৃষি, শিল্প, পরিবেশ ও আদমশুমারি সংক্রান্ত তথ্য সংগ্রহ, তথ্য সংরক্ষণ এবং পরিবেশনের বিধান রেখে ‘পরিসংখ্যান আইন, ২০১২’-এর খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, “পরিসংখ্যান সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অতীতে বিভিন্ন অধ্যাদেশ ও প্রজ্ঞাপনের মাধ্যমে পরিচালিত হতো। এ নিয়ে কোনো আইন ছিলো না। এগুলোকে সমন্বিত করে একটি আইনি কাঠামো দিতে প্রথমবারের মতো আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।” সচিব জানান, সরকারি কাজে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য ব্যবহার করা যাবে। বিভিন্ন মন্ত্রণালয় পৃথকভাবে পরিসংখ্যান তৈরি করতে পারবে। তবে এক্ষেত্রে পরিসংখ্যান ব্যুরোর অনুমতি ও সহায়তা নিতে হবে। কেউ এ আইন অনুসরণে বাধা দিলে শাস্তির বিধানও রাখা হয়েছে প্রস্তাবিত আইনে। প্রস্তাাবিত আইনে বলা হয়েছে, কৃষি, শিল্প, পরিবেশ, আদমশুমারির তথ্য সংগ্রহ এবং তথ্যের মান সংরক্ষণ এবং বিতরণের কাজগুলো সম্পন্ন করতে একটি ব্যুরো থাকবে। ব্যুরোর প্রধান কার্যালয় হবে ঢাকায়। তবে প্রয়োজন ঢাকার বাইরেও যেকোনো জেলায় ব্যুরোর জেলা কার্যালয় স্থাপন করা যাবে। ব্যুরোর প্রধান হবেন একজন মহাপরিচালক। ব্যুরোর সার্বিক কার্যক্রম দেখাশোনা করবে একটি কাউন্সিল। এই কাউন্সিলে সংসদ সদস্যসহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবরা সদস্য হিসেবে থাকবেন। এ আইন পাস হলে সরকারি পরিসংখ্যান নিয়ে জটিলতা বা বিভ্রান্তির অবসান ঘটবে বলে মন্ত্রিপরিষদ সচিব আশা প্রকাশ করেন। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, বর্তমান পরিসংখ্যান ব্যুরোর জনবল, সম্পদ নতুন ব্যুরোতে স্থানান্তর করা হবে। বাংলাদেশ-ফিলিপাইন ভিসা অব্যাহতি সচিব জানান, বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি হলে দুই দেশের কূটনৈতিক পাসপোর্টধারী ব্যক্তিরা ভিসা ছাড়াই উভয় দেশ ভ্রমণ করতে পারবেন, কোনো ভিসার প্রয়োজন হবে না। সরকারি পাসপোর্টধারীরাও এ চুক্তির আওতায় সহজে ভিসা পাবেন বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৭২১ ঘ.