ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন অর্থবছর শুরু হলে অন্যান্যবার কাঁচাবাজারেও তার প্রভাব দেখা গেলেও এবার তা দেখা যায়নি।
রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার এবং কৃষি মার্কেটে ঘুরে দেখা যায়, কয়েকটি পণ্যের দাম বাড়লেও বেশিরভাগ পণ্যেরই দাম অপরিবর্তিত রয়েছে।
তবে ক্রেতা বিক্রেতারা আশঙ্কা করছেন, বাজেটের পর না বাড়লেও রোজার আগে এসব পণ্যের দাম বাড়তে পারে।
বাজার ঘুরে দেখা যায়, কাঁচা মরিচের দাম পাল্লা প্রতি বেড়েছে ৭০ টাকা। আগে এক পাল্লা (৫ কেজি) মরিচ বিক্রি হত ৩৫০ টাকায়, রোববার থেকে তা বিক্রি হয় ৪২০ টাকায়।
অন্যদিকে পিঁয়াজের দাম কেজিপ্রতি ২ টাকা বেড়ে ৩০ টাকায় বিক্রি হতে দেখা যায়।
অন্যান্য সবজি যেমন পটল প্রতিকেজি ৫০ টাকা, আলু ১৮ টাকা থেকে ২০ টাকা, কুমড়া ৮০ টাকা, ঢেড়স ৪০ টাকায় বিক্রি হতে দেখা যায়।
কারওয়ান বাজারের খুচরা সবজি বিক্রেতা শাহাজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নতুন করে কোনো সবজির দাম বাড়েনি। রমজানের আগে আগে কিছুটা বাড়তে পারে।”
কারওয়ানবাজারে বাজার করতে আশা ফয়সাল খান জানান, দ্রব্যমুল্য আগের মতোই আছে।
মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারে সবজি বিক্রেতা শাহাদৎ এবং মোশাররফ ও একই রকম মন্তব্য করেন।
একই বাজারে স্কুলশিক্ষিকা রেজওয়ানা পারভীন পাঁপড়ি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সবজি, কাঁচা বাজারে নতুন করে দাম তেমন না বাড়লেও রমজানের আগে আগে দাম বাড়তে পারে।”
কৃষি মার্কেট বাজারের বাজার করতে আসা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আবু হুসাইন আশঙ্কা প্রকাশ করেন, রমজানের আগেই হয়তো বাজারের অস্বাভাবিকভাবে দাম বাড়বে।
এবার অর্থবছরের প্রথম মাসেই রমজান। সংযমের এই মাসে দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকারিভাবে নানা উদ্যোগ নেওয়া হয়, এবারও হচ্ছে।
ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে এক বৈঠকে ব্যবসায়ী নেতারা প্রতিশ্রুতি দিয়েছেন, তারা এবার রোজার মাসে ১০ শতাংশের বেশি মুনাফা করবেন না।
রোজার আগে প্রতি বছরই ব্যবসায়ীরা এ ধরনের প্রতিশ্রুতি দিলেও বাজারে তার প্রতিফলন কমই দেখা যায়।
কাঁচাবাজার ছাড়াও মুদি দোকানগুলোতে খোলা সয়াবিন তেল ছাড়া অন্যান্য পণ্যের দাম নতুন করে বাড়েনি।
রাজধানীর কৃষিমার্কেটের মুদি দোকানদার মো. দুলাল বলেন, “খোলা সয়াবিন তেলের দাম কিছুটা বেড়েছে।”
খোলা সয়াবিন তেল আগে প্রতি লিটার ১০২ টাকায় বিক্রি হতো তবে রোববার থেকে তা ১০৭ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান তিনি।
এছাড়া চাল (মিনিকেট) প্রতিকেজি ৩৭ টাকা, ডাল ১০৫ টাকা, লবন ৩৩ টাকা, আটা ৩৩ টাকা এবং ডিম ৩৮ টাকা (প্রতিহালি) বিক্রি হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/০০০১ ঘ.
bdnews24