ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বাতিলে বিশ্ব ব্যাংকের সিদ্ধান্ত অনাকাঙ্ক্ষিত মন্তব্য করে তা পুনর্বিবেচনার জন্য সংস্থাটির প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শুক্রবার ঋণচুক্তি বাতিলের ঘোষণা দেওয়ার পরও বিশ্ব ব্যাংকের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে তিনি রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, “ এই বিষয়টি বিশ্ব ব্যাংকের পুনর্বিবেচনা করা উচিত বলে আমি মনে করি।
“আমাদের নির্বাহী পরিচালক এই বিষয় নিয়ে বিশ্ব ব্যাংকের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। আমরা তাদের পুনর্বিবেচনার জন্য অপেক্ষা করব।”
বহু প্রতীক্ষিত পদ্মা সেতু প্রকল্প থেকে বিশ্ব ব্যাংক সরে যাওয়ার পর বিষয়টি নিয়ে সারাদেশে ব্যাপক আলোচনা ওঠে। এ বিষয়ে সোমবার সংসদে বক্তব্য দেওয়ার কথাও জানালেও আকস্মিকভাবেই রোববার সংবাদ সম্মেলন ডাকেন অর্থমন্ত্রী।
মুহিত বলেন, “যেহেতু জাতীয় সংসদের অধিবেশন চলছে, সেহেতু আগামীকাল জাতীয় সংসদে বিস্তৃত বক্তব্য রাখব। জাতীয় সংসদের অধিবেশন আজকে হলে আমি আজকেই বক্তব্য দিতাম।
“কিন্তু বিশ্ব ব্যাংকের বিজ্ঞপ্তির ফলে সংবাদ মাধ্যমে নানা ধরনের আধা-তথ্য অথবা অভিমত ব্যক্ত করা হচ্ছে বলে আমার মনে হল যে, বিষয়টিকে খানিকটা প্রাঞ্জল করার দায়িত্ব আমার রয়েছে। সেজন্য আজকে আপনাদের আমন্ত্রণ করেছি।”
কথিত দুর্নীতির বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নেয়নি বলে বিশ্ব ব্যাংকের বক্তব্য সঠিক নয় বলে দাবি করেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, “পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ তারা (বিশ্ব ব্যাংক) তুলে ধরেছে এবং সে সম্বন্ধে আমরা কোনো পদক্ষেপ নেইনি- এই কথাটিও সঠিক নয়।”
২৯০ কোটি ডলারের পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ তুলে গত বছরের সেপ্টেম্বরে বিশ্ব ব্যাংক এই প্রকল্পে অর্থায়ন স্থগিত করে। এরপর জুন মাসে এসে অর্থায়ন বাতিল করে। এতে তাদের ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল।
বিশ্ব ব্যাংকের অর্থায়ন স্থগিতের পর থেকে বাতিল পর্যন্ত সময়টিকে ‘দুর্দিন’ অভিহিত করে অর্থমন্ত্রী বলেন, “গত নয় মাস ধরে বিশ্ব ব্যাংকের সঙ্গে আমাদের আলোচনা এবং চিঠিপত্র আদান-প্রদান হচ্ছে এবং বিশ্ব ব্যাংকের সন্দেহ নিরসনের জন্য আমরা অসাধারণ সব পদক্ষেপ নিয়েছি।”
বিশ্ব ব্যাংক অভিযোগ তোলার পর সেতু প্রকল্পের নেতৃত্বে পরিবর্তন আনা হয় বলে জানান অর্থমন্ত্রী। “এই বিষয়ে আমাদের দুর্নীতি দমন কমিশন গত বছরের আগস্ট মাস থেকেই তদন্ত শুরু করে। তারা নির্মাণ ঠিকাদার সম্বন্ধে তদন্ত প্রতিবেদনও বিশ্ব ব্যাংককে এই বছর ফেব্রুয়ারিতে প্রেরণ করেন,” বলেন তিনি।
দুর্নীতি দমন কমিশনের তদন্তে কোনো হস্তক্ষেপ হয়নি দাবি করে মুহিত বলেন, “আমরা জানতে পারি যে, বিশ্ব ব্যাংক এইসব বিষয়ে যে নালিশ করেছেন, সে সম্বন্ধে অতিরিক্ত কোনো সাক্ষী-সাবুদ দেয়নি এবং কমিশন তাদের নিজস্ব উপায়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।”
এরপরও বিভিন্ন পর্যায়ে বিশ্ব ব্যাংকের সঙ্গে আলোচনার তথ্য জানিয়ে অর্থমন্ত্রী বলেন, “সমঝোতার খাতিরে এবং পদ্মা সেতুতে সম্পূর্ণভাবে দুর্নীতি বিতাড়নের লক্ষ্যে আমরা অনেক বিষয়ে তাদের দাবি-দাওয়া মেনে নিই।
“তারপরও বিশ্ব ব্যাংক কেন এই ঋণচুক্তি বাতিল করে অসম্মানজনক একটি বিজ্ঞপ্তি জারি করল, তা বাস্তবেই অনাকাঙ্ক্ষিত এবং রহস্যজনক।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২০৫০ ঘ.
এ সম্পর্কিত আরো খবর
ক্স অর্থমন্ত্রীর পুরো বক্তব্য
ক্স বিশ্ব ব্যাংকে সরকারের চিঠি
bdnews24