আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিলের ঘোষণার পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সংস্থাটি যে বিবৃতি দিয়েছে তা অগ্রহণযোগ্য।
শনিবার সন্ধ্যায় টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
মুহিত বলেন, “বিজ্ঞপ্তিতে যে ভাষা এবং ভাব ব্যক্ত করা হয়েছে বিশ্বব্যাংক সে রকম বিবৃতি তাদের কোন সদস্য দেশ সম্বন্ধে দিতে পারে কিনা সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এই বিবৃতি আমরা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে মনে করি। আমার মনে হয় এটি বিশ্বব্যাংকের মন্তব্য নয়। এটি বিদায়ী সভাপতি জনাব রবার্ট জেলিকের ব্যক্তিগত মন্তব্য।”
দুর্নীতির অভিযোগের ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ পাওয়ার কথা বলে বিশ্ব ব্যাংক শুক্রবার পদ্মা সেতু প্রকল্পে তাদের অর্থায়ন বাতিলের ঘোষণা দেয়।
এর আগে গত বছরের সেপ্টেম্বরে পদ্মা প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক অর্থায়ন স্থগিত করে। তবে সরকারের পক্ষ থেকে বরাবরই দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করা হচ্ছে।
পদ্মা সেতুর তদারকির জন্য প্রাকযোগ্য প্রতিষ্ঠান হিসেবে প্রাথমিকভাবে নির্বাচিত অন্যতম প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের কর্মকর্তাদের বিরুদ্ধে গত বছর ঘুষ অভিযোগ উঠলে তা নিয়ে তদন্ত শুরু হয় কানাডায়।
২৯০ কোটি ডলারের এই প্রকল্পে তাদের ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল।
অর্থমন্ত্রী বলেন, “পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিলের বিষয়টি আমরা ৩০ জুন ভোররাতে অবহিত হই। পরে আমরা তা পর্যালোচনা করে দেখি। বিশ্ব ব্যাংক এ বিষয়ে এ ধরনের বিবৃতি দিতে পারে কিনা সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ ও সংশয় আছে।”
তিনি বলেন, “বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ আমাদের কাছে তুলে ধরে এবং সে বিষয়ে আমরা কোন পদক্ষেপ নিইনি বলে যে বক্তব্য দিয়েছে তা সঠিক নয়। এই বিষয়ে গত নয় মাস ধরে বিশ্ব ব্যাংকের সঙ্গে আমাদের আলোচনা এবং চিঠিপত্রের আদান-প্রদান হচ্ছে এবং বিশ্বব্যাংকের সন্দেহ নিরসনের জন্য আমরা অসাধারণ সব পদক্ষেপ নিয়েছি।”
এই সেতু নির্মাণে বিশ্ব ব্যাংকের পাশাপাশি এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং আইডিবি ১৪ কোটি ডলার ঋণ দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি করে ।
প্রকৃতপক্ষে পদ্মা সেতু প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি হয়নি দাবি করে অর্থমন্ত্রী বলেন, “পদ্মা সেতু প্রকল্পে প্রকৃতপক্ষে কোন ধরনের দুর্নীতি আজ পর্যন্ত হয়নি; যদিও প্রায় দেড় হাজার কোটি টাকা ইতোমধ্যে ব্যয় হয়েছে। বিশ্বব্যাংকের আশঙ্কা সবই সম্ভাব্য দুর্নীতি, যা দরদাতা নিয়োগ করলে হতে পারে।”
সোমবার বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিলের বিষয়ে জাতীয় সংসদে একটি বিবৃতি দেবেন বলেও জানান আবুল মাল আবদুল মুহিত।
৬ কিলোমিটার পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে বিশ্ব ব্যাংক গত বছর অর্থায়ন স্থগিত করলে মালয়শিয়ার সঙ্গে আলোচনা শুরু করে সরকার। গত ১০ এপ্রিল মালয়শিয়ার সঙ্গে সমঝোতা স্মারক সই হয়। গত ২৮ জুন চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে খসড়া প্রস্তাব দেয় মালয়শিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/১৮৫৩ ঘ.
bdnews24