ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বপ্নের বিজয়নগর শাখায় মাছ সংরক্ষণের জন্য বরফে ফরমালিন পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া কয়েকটি পণ্য বেশি দামে বিক্রি করার প্রমাণও পাওয়া গেছে।
এই জন্য মঙ্গলবার এই সুপার শপকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
বিএসটিআই ও জেলা প্রশাসন পরিচালিত এই আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম শহীদ হোসেন চৌধুরী।
বিজয়নগরে সুপার শপ ‘স্বপ্ন’তে বিক্রির জন্য রাখা আম, আঙুর এবং মাছে রাসায়নিক দ্রব্যের উপস্থিতি সনাক্ত করতে পরীক্ষা করে ভ্রাম্যমাণ আদালত।
তথ্য বিরণীতে বলা হয়, আমে রাসায়নিক দ্রব্যের উপস্থিতি পাওয়া না গেলেও মাছ সংরক্ষণের বরফে ফরমালিনের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়। আঙুর সব পচা এবং খাদ্য অনুপযোগী অবস্থায় পাওয়া যায়।
পরে তিন কেজি আঙুর এবং ২০ কেজি বরফ আদালতের উপস্থিতিতে নষ্ট করা হয় বলে এতে বলা হয়।
একটি ব্রান্ডের হ্যান্ডওয়াশের সর্বোচ্চ খুচরা মূল্য ৪৫ টাকা লেখা থাকলেও তা ৫০ টাকা এবং একটি সাবানের সর্বোচ্চ খুচরা মূল্য ২২ টাকা লেখা থাকলেও তা ২৫ টাকা করে বিক্রির প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।
তথ্য বিবরণীতে বলা হয়, স্বপ্নের বিজয়নগর শাখার ব্যবস্থাপক এবং সহকারী ব্যবস্থাপকের কাছ থেকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৮২০ ঘ.
bdnews24