ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিষ্ঠার পর ৪০ বছরের মধ্যে ২৩ বছরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লোকসান করেছে বলে সংসদে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান।
সোমবার সংসদ অধিবেশনে বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মো. হাবিবুর রহমানের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, “জাতীয় পতাকাবাহী ন্যাশনাল ক্যারিয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শুধু ব্যবসায়িকভাবে পরিচালিত হয় না, সেবামূলক প্রতিষ্ঠান হিসাবেও কাজ করে।”
প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর বিমানের লোকসান হয়নি দাবি করে মন্ত্রী বলেন, বিগত ৪০ বছরের মধ্যে বিমান ১৭ বছর লাভ করেছে এবং ২৩ বছর লোকসান দিয়েছে।
বিশ্ববাজারে উড়োজাহাজের জ্বালানি তেলের মূল্য বাড়া, বিমান বহরের পুরানো উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ ব্যয় বাড়া, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে পরিবহণ ভাড়া না বাড়াতে পারাকে বিমানের লোকসানের প্রধান কারণ বলে মনে করেন ফারুক খান।
লক্ষীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিনের আরেক প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী বলেন, উড়োজাহাজের স্বল্পতা এবং মাঝে মাঝে যান্ত্রিক ক্রটির কারণে সাময়িকভাবে সিডিউল ব্যহত হয়ে থাকে।
এক্সক্লুসিভ টুরিস্ট জোন
কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরীর এক প্রশ্নের জবাবে বিমান মন্ত্রী বলেন, বিদেশি পর্যটকদের জন্য কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাংয়ে এক্সক্লুসিভ টুরিস্ট জোন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া কুয়াকাটাও এক্সক্লুসিভ টুরিস্ট জোন স্থাপনের বিষয়টি পরিকল্পনায় আছে বলেও জানা ফারুক খান।
পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম সুজনের এক প্রশ্নের জবাবে ফারুক খান জানান, ২০১১-১২ অর্থবছরের মার্চ মাস পর্যন্ত পর্যটন খাত থেকে ৫৬৭ কোটি ৯৪ লাখ আয় হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউএম/এসইউ/১৩৪২ ঘ.
bdnews24