২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭টি জাহাজ পাচ্ছে শিপিং কর্পোরেশন

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) বহরে নতুন সাতটি জাহাজ যুক্ত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2012, 05:17 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

চট্টগ্রাম, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) বহরে নতুন সাতটি জাহাজ যুক্ত হচ্ছে। আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে পর্যায়ক্রমে এই সাতটি জাহাজ আনা হবে বলে কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মকসুমুল কাদের জানিয়েছেন। রোববার চট্টগ্রামে শিপিং কর্পোরেশন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এই তথ্য জানান তিনি। মকসুমুল কাদের বলেন, নতুন সাতটি জাহাজের মধ্যে ৩০০ কোটি টাকা ব্যয়ে বড় আকারের একটি ট্যাংকার কেনার পরিকল্পনা রয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এই প্রস্তাব অনুমোদন হয়েছে জানিয়ে তিনি বলেন, এতে বিএসসি ৩০ শতাংশ এবং বেসরকারি প্রতিষ্ঠান ৭০ শতাংশ বিনিয়োগ করবে। কমোডর মকসুমুল কাদের বলেন, ঋণের মাধ্যমে চীন থেকে ছয়টি জাহাজ কেনার বিষয়ে চীনের ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে এ বিষয়ে চুক্তি হওয়ার কথা রয়েছে। ছয়টি জাহাজ কেনার জন্য প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা ব্যয় হবে বলে জানান তিনি। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক বলেন, এই সাতটি জাহাজ কেনার পর আরো তিনটি জাহাজ কেনার প্রক্রিয়া শুরু করা হবে। বিএসসি কর্মকর্তারা জানান, বর্তমানে শিপিং কর্পোরেশনের বহরে মাত্র ১৩টি জাহাজ রয়েছে। নিয়মিত মেরামতের অংশ হিসেবে তিনটি জাহাজ এখন চট্টগ্রামে রয়েছে। কমোডর মকসুমুল কাদের জানান, গত অর্থবছরে বাংলাদেশ শিপিং কর্পোরেশন এক কোটি ৮৩ লাখ টাকা নিট মুনাফা করেছে। মতবিনিময় সভায় শিপিং কর্পোরেশনের নির্বাহী পরিচালক মো. গোলাম মাওলা, মোস্তফা কামাল উদ্দিন, মো. সাঈদ উল্লাহ এবং সচিব গোলাম হোসেন উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/২২০১ ঘ.