ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারকে চাঙ্গা করতে বাংলাদেশ ফান্ড এ পর্যন্ত এক হাজার ৪৭২ কোটি ৪৫ লাখ টাকা বিনিয়োগ করেছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পির এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, “বাজার পরিস্থিতি বিবেচনা করে বিভিন্ন সিকিউরিটিজ ক্রয়ের মাধ্যমে এক হাজার ৪৭২ কোটি ৪৫ লাখ টাকা বিনিয়োগ করে বাংলাদেশ ফান্ডের আকর্ষণীয় পোর্টফলিও প্রস্তুত করা হয়েছে।”
পুঁজিবাজারে ব্যাপক অস্থিরতার কারণে বিনিয়োগকারীরা রাস্তায় নামলে গত বছর পাঁচ হাজার কোটি টাকার এই ‘বাংলাদেশ ফান্ড’ বাজারে আনে রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
অর্থমন্ত্রী বলেন, আইসিবি এবং সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক; বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, সাধারণ বীমা কর্পোরেশন ও জীবন বীমা কর্পোরেশন মিলে সরকারি এই মিউচুয়াল ফান্ড গঠন করে। এর ইউনিট বিক্রি শুরু হয় ২০১১ সালের ১০ অক্টোবর।
“গত ১৪ জুন পর্যন্ত এ ফা-ের উদ্যেক্তা অংশের দেড় হাজার কোটি টাকার মধ্যে এক হাজার ৪১০ কোটি টাকা এবং জনগণের কাছে ইউনিট বিক্রি করে ৭০ কোটি ২৭ লাখ টাকাসহ এক হাজার ৪৮০ কোটি ২৭ লাখ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে।”
উদ্যোক্তাদের বাকি ৯০ কোটি টাকা এবং অনাবাসী বাংলাদেশিদের কাছ থেকে অবিশিষ্ট অর্থ পর্যায়ক্রমে উত্তোলন করা হচ্ছে বলেও মুহিত জানান।
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের অবস্থা সৃষ্টি এবং স্থিতিশীলতা ফেরাতে বাংলাদেশ ফান্ড গঠন করা হলেও এ উদ্যোগ খুব বেশি কাজে আসেনি। মাঝখানে কিছুদিন সুস্থির হওয়ার ইংগিত দিলেও গত এক সপ্তাহে টানা দরপতন হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে।
গত সপ্তাহের শেষ কার্য দিবসে সূচকে নেমে দাড়ায় ৪ হাজার ৩০০ পয়েন্টে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসএসজেড/জেকে/১৩২৫ ঘ.
bdnews24