ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত বাজেটে জীবন বীমা গ্রাহকদের মুনাফার ওপর ১০ শতাংশ হারে উৎসে কর কাটার যে প্রস্তাব করা হয়েছে, তা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সভা কক্ষে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে এক বৈঠকে মন্ত্রী এ আশ্বাস দেন।
অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, “অ্যাসোসিয়েশনের নেতারা জীবন বীমা গ্রাহকদের মুনাফার ওপর ১০ শতাংশ উৎসে কর প্রত্যাহারের জোরালো দাবি জানিয়েছেন। আমি বলেছি, তা বিবেচনা করব।”
ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন চেয়ারম্যান কবির হোসেন বলেন, “পৃথিবীর কোনো দেশেই জীবন বীমা গ্রাহকদের মুনাফা থেকে কর কাটা হয় না। বাজেটে সরকারের এ প্রস্তাবে আমরা বিস্মিত হয়েছি। সে কারণেই আমরা অর্থমন্ত্রীর এ প্রস্তাব প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে। অর্থমন্ত্রী আমাদের অনুরোধ রাখবেন বলে জানিয়েছেন।”
এতদিন জীবন বীমা গ্রাহকদের মুনাফা থেকে কোনো উৎসে কর কাটা হত না। এবারই প্রথম অর্থ বিলে মেয়াদ শেষে জীবন বীমা গ্রাহকদের অর্জিত মুনাফা থেকে ১০ শতাংশ হারে উৎসে কর কেটে রাখার প্রস্তাব করা হয়।
ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে বীমা প্রতিষ্ঠানের সংখ্যা ৬২টি। এরমধ্যে জীবন বীমা প্রতিষ্ঠান ১৮টি, আর সাধারণ বীমা ৪৪টি।
১৮টি জীবন বীমা কোম্পানিতে মোট বিনিয়োগের পরিমাণ ১৩ হাজার ৫৪২ কোটি টাকা, আর সাধারণ বীমা কোম্পানিগুলোতে ১ হাজার ৭১০ কোটি টাকা।
৭ জুন জাতীয় সংসদে ২০১২-১৩ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। ২৮ জুন এই বাজেট পাস হবে। আর অর্থ বিল পাস হবে আগের দিন, ২৭ জুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরএ/১৭০৮ ঘ.
bdnews24