ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বাজেটে তামাক পণ্যের উপর আরো উচ্চ হারে কর আরোপের দাবি জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী মোহাম্মদ ফারুক খান।
ফারুক খান বলেন, তামাকবিরোধী কর্মীদের হয়ে সরকারের উপর এ ব্যাপারে ‘চাপ’ সৃষ্টি করবেন তিনি।
শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির এক অনুষ্ঠানে ফারুক খান এসব কথা বলেন। অনুষ্ঠানে মালিকরা তাদের রেস্তোরাঁগুলোকে ধূমপানমুক্ত ঘোষণা করেন।
মন্ত্রী তামাকবিরোধী কর্মীদের উদ্দেশ্য করে বলেন, “আপনাদের পক্ষ থেকে আমি সরকারের উপর চাপপ্রয়োগ করব। আমি তামাক পণ্যের উপর আরো কর আরোপের দাবি জানাই।”
মন্ত্রী মনে করেন, বাজেটে তামাক পণ্যের উপর প্রস্তাবিত কর ‘যথেষ্ট নয়’।
বৃহস্পতিবার সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এএমএ মুহিত সবচেয়ে সস্তা সিগারেটের ওপর সম্পূরক শুল্ক মাত্র তিন শতাংশ এবং তিনটি মূল্যধাপের সিগারেটের উপর সম্পূরক কর মাত্র এক শতাংশ বাড়িয়েছেন।
তবে তামাকবিরোধীরা মূল্যধাপ উঠিয়ে সব রকম তামাকজাত পণ্যের ওপর ৭০ শতাংশ করারোপের দাবি জানিয়ে আসছিলেন।
নতুন বাজেট প্রস্তাব অনুযায়ী তামাকজাত পণ্যে চারটি মূল্য ধাপে সম্পূরক শুল্ক দিতে হবে যথাক্রমে ৩৯, ৫৬, ৫৯ ও ৬১ শতাংশ হারে। এর আগে যার হার ছিল যথাক্রমে ৩৬, ৫৫, ৫৮ ও ৬০ শতাংশ।
অর্থমন্ত্রী সিগারেটের মূল্যধাপ উঠিয়ে না দিয়ে চারটির সবগুলোতেই ১০ শতাংশ হারে মূল্য বৃদ্ধির প্রস্তাব করেছেন। এতে শুধু তামাকজাত পণ্য উৎপাদনকারীরা লাভবান হবে বলে বিশেষজ্ঞরা আগেই মত দেন।
ফারুক খান বলেন, “সংসদে (বাজেট অধিবেশন চলাকালে) তামাক পণ্যের উপর আরো কর আরোপের বিষয়ে কথা বলব।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এইচএএইচ/এএল/২২০১ ঘ.
bdnews24