ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবৃদ্ধির ক্ষেত্রে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের অবদান আট শতাংশ হলেও প্রস্তাবিত বাজেটে এই খাতে বরাদ্দ মাত্র পৌনে তিন কোটি বাড়ানো হয়েছে।
অর্থমন্ত্রী বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সংসদে উপস্থাপন করেন।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আইনি লড়াইয়ে সমুদ্রসীমা চিহ্নিত হওয়ার পর নতুন ক্ষেত্র থেকে মৎস্য সম্পদ আহরণে তৎপরতা ও গবেষণা বাড়ানোর ওপর জোর দিলেও এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৯৪৯ কোটি ৭৩ লাখ টাকা, যা চলতি অর্থবছরের চেয়ে ২ কোটি ৭৩ লাখ টাকা বেশি।
অনেক প্রণোদনা পরও দুধের উৎপাদন দেশের চাহিদার ২০ শতাংশে আটকে থাকায় হতাশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ উপখাত থেকে দেশের জাতীয় উৎপাদনের আট শতাংশ আসছে। এ খাত দেশের অভ্যন্তরে দৈনন্দিন খাদ্যে প্রাণিজ আমিষের চাহিদার ৯০ শতাংশ পূরণ করছে।
দেশে চলতি অর্থবছরে মাছের উৎপাদন ৩২ লাখ ২০ হাজার মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
অর্থমন্ত্রী জানান, মাছের উৎপাদন বাড়াতে উন্মুক্ত জলাশয়গুলোকে পোনা ছাড়া কার্যক্রমের আওতায় আনা এবং দেশের নদী ও জলাশয়ে ৫০০টি অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে।
“সরকারের এসব পদক্ষেপের কারণে দেশে ১২টি বিলুপ্তপ্রায় মাছের প্রজাতি আবার ফিরে আসছে। এছাড়াও ইলিশের প্রজনন নিশ্চিত এবং চিংড়ি খামারের সংখ্যাও বাড়ানো হয়েছে,” বলেছেন তিনি।
মুহিত বলেন, আইনি প্রক্রিয়ায় পাওয়া ১ লাখ ১১ হাজার সমুদ্রসীমায় নতুন নতুন মাছের ক্ষেত্র চিহ্নিত করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসব পদক্ষেপের পাশাপাশি গবেষণা, আইনি কাঠামো ও প্রণোদনার কারণে আগামী বছরেই দেশে মাছের উৎপাদন ৩৪ লাখ মেট্রিক টনে উন্নীত হবে।
একইসঙ্গে দুধের উৎপাদন ৩০ লাখ টন, মাংসের উৎপাদন ২০ লাখ টন এবং ডিমের উৎপাদন ৭৯১ কোটি ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
চলতি অর্থবছরের বাজেটে এ খাতের উন্নয়ন, খামারি ও জেলেদের সহায়তা এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে প্রস্তাবিত বাজেটে ৯৪৭ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছিল।
তবে এবারের বাজেট বক্তব্যে এসব খাতের বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেননি অর্থমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমডি/এমআই/১৯৪১ ঘ.
bdnews24