ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেসটিনির অনিয়ম তদন্তে এই প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সাবেক সেনাপ্রধান হারুণ অর রশীদকেও জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন।
দুদক কমিশনার এম বদিউজ্জামান রোববার সাংবাদিকদের বলেন, কমিশন আগেই সিদ্ধান্ত নিয়েছে ডেসটিনির বিষয়ে যাকে যাকে মনে করবে তাকেই জিজ্ঞাসাবাদ করা হবে।
“কমিশন এখন মনে করছে, হারুণ অর রশীদকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন,” বলেন তিনি।
হারুণ অর রশীদ সেক্টর কমান্ডার্স ফোরামের সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন। ডেসটিনির বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তিনি ওই দায়িত্ব ছাড়েন।
ডেসটিনি গ্রুপের সভাপতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুণের আগে এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনকেও জিজ্ঞাসাবাদ করেছে কমিশন।
বাংলাদেশ ব্যাংকের তদন্তে ডেসটিনির আর্থিক অনিয়ম ধরা পড়ার খবর গণমাধ্যমে প্রকাশ হলে তা অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। কমিশনের উপ-পরিচালক মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক তৌফিকুল ইসলামকে নিয়ে একটি তদন্ত দল গঠন করা হয়।
প্রায় দুই মাস অনুসন্ধান শেষে গত ২৩ মে কমিশনে প্রতিবেদন জমা দেয় তদন্ত দল। এতে ডেসটিনি ২০০০ লিমিটেড এবং এর সহযোগী অপর প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়া যায় বলে উল্লেখ করে তদন্ত দল।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানির শীর্ষ ব্যক্তিরা কয়েকশ’ কোটি টাকার দুর্নীতি করেছে। এছাড়া বিদেশ থেকে কম দামে পণ্য আমদানি এবং দেশের মধ্যে কম দামে জমি কিনে তা গ্রাহকদের কাছে বেশি দাম দেখানো হয়েছে। আর ওই অতিরিক্ত অর্থ কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট থেকে কর্মকর্তারা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে সরিয়ে নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ডেসটিনি এবং এর ৩৭টি সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিষয়ে ওই প্রতিষ্ঠানগুলোর মোট ১৬ শীর্ষ কর্মকর্তাকে রোববার পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন।
রোববার জিজ্ঞাসাবাদ করা হয় চার জনকে। তারা হলেন- ডেসটিনি গ্রুপের ভাইস প্রেসিডেন্ট নেপাল চন্দ্র বিশ্বাস ও শেখ তৈয়বুর রহমান, ডেসটিনি এভিয়েশনের পরিচালক আবুল কালাম আজাদ ও ডেসটিনি গ্রুপের সহকারী নির্বাহী পরিচালক জাকির হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/২০৫৭ ঘ.
bdnews24