২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের দাম বাড়লেও সহনীয় রয়েছে: প্রতিমন্ত্রী

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হলেও তা ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে বলে দাবি করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2012, 02:39 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হলেও তা ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে বলে দাবি করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক। রোববার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, “বিদ্যুৎ উৎপাদনে চাহিদা মতো গ্যাস না পাওয়ায় ব্যয়বহুল তেলভিত্তিক কেন্দ্র চালানোর জন্য উৎপাদন ব্যয় বেড়েছে। ফলে ভর্তুকি দিতে হচ্ছে। এই ভর্তুকি সীমিত রাখতে সহনীয়ভাবে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।” গত ৩০ মার্চ গ্রাহক পর্যায়ে খুচরা বিদ্যুতের দাম প্রতি ইউনিটে গড়ে ৩০ পয়সা এবং পাইকারি (বাল্ক) দাম ২৮ পয়সা হারে বাড়ানো হয়। সংরক্ষিত মহিলা আসনের সাংসদ বেগম শাহিন মনোয়ারা হকের প্রশ্নের জবাবে এনামুল হক জানান, “বিদ্যুৎ সমস্যা সমাধানে আমদানি নির্ভর কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পাশাপাশি দেশে উৎপাদিত কয়লা দিয়ে খনিমুখে কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।” এই পরিকল্পনার অংশ হিসাবে বড়পুকুরিয়া কয়লা খনিমুখে ২৫০ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিটটি স্থাপনের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে বলে জানান তিনি। চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ জাফরুল ইসলাম চৌধুরীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, গ্যাস ও তেল অনুসন্ধানের জন্য দেশের কোন এলাকা বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়া হয়নি। “তবে দেশের বিরাজমান গ্যাস চাহিদা মেটাতে তেল ও গ্যাস অনুসন্ধানে দেশীয় কোম্পানিগুলোর পাশাপাশি উৎপাদন বণ্টন চুক্তির আওতায় চারটি আন্তর্জাতিক তেল কোম্পানিকে ব্লক বরাদ্দ দেওয়া হয়েছে,” বলেন প্রতিমন্ত্রী এনামুল। সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নিলোফার চৌধুরী মণির এক প্রশ্নের জবাবে এনামুল হক বলেন, “দেশে এ পর্যন্ত পাঁচটি কয়লা খনি আবিষ্কৃত হয়েছে। এসব ক্ষেত্রে মোট কয়লার পরিমাণ প্রায় তিন হাজার ৩০০ মিলিয়ন টন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২০৩৪ ঘ.