২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দল ছাড়াই বাজেট অধিবেশন শুরু

বিরোধী দলের অনুপস্থিতিতেই রোববার বিকেলে নবম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2012, 02:24 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের অনুপস্থিতিতেই রোববার বিকেলে নবম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন শুরু হয়েছে। বিকাল সাড়ে ৫টায় শুরু হওয়া এ অধিবেশনে স্পিকার আবদুল হামিদ সভাপতিত্ব করছেন। সংসদে এসে তিনি জাতীয় ইস্যুতে সাংসদদের আলোচনার আহ্বান জানান। অধিবেশনের শুরুতে উদ্বোধনী বক্তব্য দিয়েই দিনের কার্যসূচি অনুযায়ী সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেন স্পিকার। তারা হলেন- আওয়ামী লীগের অধ্যাপক আলী আশরাফ, ফজলে রাব্বী মিয়া, জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ, বিএনপির এ বি এন আশরাফ উদ্দিন (নিজান) ও নিলুফার জাফর উল্যাহ। এরপর শোকপ্রস্তাব গৃহীত হয়। এর আগে স্পিকারের সভাপতিত্বে সংসদে কার্যউপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্তের বিষয়ে জনসংযোগ পরিচালক জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, ৭ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট পেশ করবেন। বাজেট পেশের পরে ৪০ ঘণ্টা এর ওপর আলোচনা হবে। আর ২৮ জুন পাস হবে ২০১২-১৩ অর্থ বছরের বাজেট। তবে অধিবেশনের মেয়াদ কয়দিন হবে তার জন্য অপেক্ষা করতে হবে বাজেট পাস পর্যন্ত। প্রতিদিন বিকেল সোয়া ৫টায় অধিবেশন বসবে বলেও জানান তিনি। মহাজোট সরকারের আগের তিনটি বাজেটে অনুপস্থিত থাকার পর চতুর্থ বাজেটেও অনুপস্থিত রয়েছেন বিরোধী দলের সাংসদরা। আগের দিন অধিবেশনে যোগ না দেওয়ার ইঙ্গিত দেওয়ার পর রোববার সকালে প্রধান বিরোধী দল বিএনপি’র চিফ হুইপ সাফ জানিয়ে দেন- এ অধিবেশনে তারা যাচ্ছেন না। স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রেখে জয়নাল আবদিন ফারুক বলেন, মিথ্যা মামলায় আটক সংসদস্যদের কারাগারে রেখে সংসদে যাবেন না তারা। তবে বিকেলে হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিরোধী দলীয় পাঁচ সংসদ সদস্যকে জামিন দেয় আদালত। তারা হলেন- এম কে আনোয়ার, অলি আহমদ, মাহবুবউদ্দিন খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও আন্দালিব রহমান পার্থ। এর আগে গত ১০ মে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান নবম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন ডাকেন। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) ধারা অনুযায়ী তিনি এ অধিবেশন আহ্বান করেন। সংবিধান অনুযায়ী, এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হয়। সে হিসেবে ২৮ মের মধ্যে বাজেট অধিবেশন শুরুর সাংবিধানিক বাধ্যবাধকতাও ছিল। গত ২৯ মার্চ সংসদের দ্বাদশ অধিবেশন শেষ হয়। ৭৭ কার্যদিবসের দ্বাদশ অধিবেশনের মাঝামাঝিতে বিরোধী দল সংসদে ফিরেছিল। পাশাপাশি ওই অধিবেশনে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া রেকর্ড সময় বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এএল/জেকে/১৮০১ ঘ.