২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুদের হার হ্রাস: মালিকদের উদ্যোগ চান অর্থমন্ত্রী

ব্যাংক ঋণের সুদের হার কমাতে ব্যাংক মালিকদের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2012, 01:35 PM

Updated : 24 Aug 2022, 11:22 AM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংক ঋণের সুদের হার কমাতে ব্যাংক মালিকদের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ২০১২-১৩ অর্থবছরের বাজেট নিয়ে পরামর্শক কমিটির একটি সভায় ব্যবসায়ী নেতারা শিল্পায়ন ত্বরান্বিত করতে ব্যাংক ঋণের সুদের হার কমানোর জোর দাবি জানালে অর্থমন্ত্রী উল্টো তাদেরই উদ্যোগ নিতে বলেন। মুহিত বলেন, “আজকের সমাবেশে যারা উপস্থিত আছেন তাদের অনেকেই বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মালিক (উদ্যোক্তা)। এখানে যারা সুদের হার কমানোর জন্য উচ্চস্বরে দাবি জানাচ্ছেন তারা যখন ব্যাংকের বোর্ড সভায় বসেন তখন তাদের স্বর নিচু হয়ে যায়। ওখানে (বোর্ড সভা) বসে তারা উচ্চ হারে সুদ নির্ধারণ করেন।” সুদের হার নির্ধারণের ক্ষেত্রে ব্যাংক উদ্যোক্তাদের সংযমী হওয়ার অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, “ব্যবসায় লাভ করবেন- এটাই স্বাভাবিক। কিন্তু তারও একটা সীমা থাকা থাকতে হবে। অতিরিক্ত মুনাফার কারণে শিল্প খাত যাতে পঙ্গু না হয় সে বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।” ‘ব্যবসা জনসেবারও একটি অংশ’ উল্লেখ করে মুহিত ব্যবসায়ী শিল্পপতিদের উদ্দেশে বলেন, “একটু কম লাভ করে এই দেশ, দেশের মানুষের মঙ্গলের জন্যও আপনাদের এগিয়ে আসতে হবে।” মন্ত্রী দ্রব্যমূল্য সহনীয় রাখতে ব্যবসায়ীদের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেন। সুদের হার প্রসঙ্গে অর্থমন্ত্রী আরও বলেন, “সুদের হারটা বাজার নিয়ন্ত্রণ করে। রপ্তানি ও কৃষি ঋণের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক এক ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে থাকে। কিন্তু অন্য খাতের ঋণের সুদের হার বাজারই ঠিক করে।” অর্থমন্ত্রীর বক্তৃতার আগে ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ বলেন, “ব্যাংক ঋণের ক্ষেত্রে সুদের হার সর্বোচ্চ ১৫ দশমিক ৫ এবং আমানতের ক্ষেত্রে সুদের হার সর্বোচ্চ ১২ দশমিক ৫ শতাংশ রাখার বিষয়ে সিদ্ধান্ত হলেও বিভিন্ন ব্যাংক ঋণের ক্ষেত্রে ১৭ থেকে ১৮ শতাংশ হারে সুদ আরোপ করছে, যা মোটেই কাম্য নয়।” “উচ্চ এই সুদ হারের কারণে একদিকে যেমন বিনিয়োগ টেকসই ও লাভজনক হবে না, অন্যদিকে কর্মসংস্থান ও জিডিপি প্রবৃদ্ধি কমবে। মানুষের জীবন যাত্রার ব্যয় বাড়বে,” যোগ করেন তিনি। এ অবস্থায় চলতি মূলধনসহ উৎপাদনশীল খাতে ঋণের সুদের হার যাতে কোনো অবস্থাতেই ১৩ শতাংশের বেশি না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থমন্ত্রী অনুরোধ জানান আজাদ। এ কে আজাদের পর অধিকাংশ বক্তা ব্যাংক ঋণের সুদের হার কমাতে অর্থমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মূল্যস্ফীতি ৯ শতাংশে নেমে আসবে অর্থমন্ত্রী বলেন, “অনেক ব্যবসায়ী নেতা দ্রব্যমূল্যের কথা উল্লেখ করেছেন। কিন্তু দ্রবমূল্য সহনীয় রাখতে আপনাদেরও যে ভূমিকা আছে তা ভুলে গেলে চলবে না। দ্রব্যমূল্য কমাতে অনেক সময় আমরা (সরকার) শুল্ক ছাড় দেই। কিন্তু তার সুফল অনেক সময় পাওয়া যায় না। “তবে আশার কথা হচ্ছে মূল্যস্ফীতি কমতে শুরু করেছে। যখন আমি বাজেট বক্তৃতা দেবো তখন গড় মূল্যস্ফীতি ৯ শতাংশে নেমে আসবে বলে আমি আশা করছি,”বলেন মুহিত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী, পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে (মাসওয়ারি) এপ্রিল মাসে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। গড় মূল্যস্ফীতির হার হচ্ছে ১০ দশমিক ৮৬ শতাংশ। চলতি অর্থবছরের বাজেটে গড় মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশের মধ্যে থাকবে বলে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। রপ্তানি বাড়াতে সহায়তা অব্যাহত থাকবে পরিসংখ্যান উপস্থাপন করে অর্থমন্ত্রী বলেন, “গত অর্থবছরে রপ্তানি খাতে ৪১ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছিল। চলতি অর্থবছরের দশ মাসে (জুলাই-এপ্রিল) ১১/১২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ৪১ শতাংশের পর ১১/১২ শতাংশ প্রবৃদ্ধি। এটাকে আমি অসাধারণ কৃতিত্ব বলে মনে করি। কিন্তু দু:খের বিষয় হচ্ছে আমাদের রপ্তানিকারকরা এতেও খুশি নয়।” “এক্সপোর্ট সেক্টরকে আমরা ‘ভাসিয়ে’ রাখতে চাই। আর এটা করতে যা করা দরকার আমরা করবো।” পদ্মা সেতু নিয়ে চিন্তা নয় ‘আগামী অর্থবছরে পদ্মা সেতুর কাজ শুরু হবে’ জানিয়ে মুহিত বলেন, “শুধু ব্যবসায়ী স¤প্রদায় নয়, সারা দেশের মানুষই পদ্মা সেতু চায়। আমরা আগামী অর্থবছরেই পদ্মা সেতুর কাজ শুরু করবো। অর্থায়নের ব্যাপারটা নিয়ে চিন্তার কিছু নেই। যে করেই হোক আমরা সেতুর কাজ শুরু করবো।” কালো টাকা বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “নির্ধারিত হারে জরিমানা দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ সব সময়ই থাকে। এটা একটা পারমানেন্ট ব্যবস্থা। চলতি বাজেটে ১০ শতাংশ হারে কর দিয়ে স্টক মার্কেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছিল। “সার্বিক অবস্থা বিবেচনায় আগামী বাজেটেও এ সুযোগ অব্যাহত থাকবে। আমরা (সরকার) স্টক মার্কেট ‘ছোবো’ না। যে অবস্থায় আছে সে অবস্থায়ই থাকবে।” বর্তমান অর্থবছরের বাজেটে ১০ শতাংশ কর দিয়ে পুঁজিবাজারে অপ্রদর্শিত বা করবহির্ভূত অর্থ বৈধ করার সুযোগ দেওয়া হয়। এছাড়া গত বছর পুঁজিবাজারে অস্থিরতার মধ্যে প্রণোদনামূলক বেশ কয়েকটি কার্যক্রম গ্রহণ করে সরকার। এর মধ্যে পুঁজিবাজারে বিনিয়োগ করা অর্থের উৎস সম্পর্কে এনবিআর প্রশ্ন তুলবে না বলেও তখন জানানো হয়। কয়েকটি খাতে প্রণোদনা জনশক্তি রপ্তানির ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, পোল্ট্রি শিল্প, ভুট্টা চাষসহ কয়েকটি খাতে আগামী বাজেটে বিশেষ প্রণোদনা থাকবে বলে জানান অর্থমন্ত্রী। প্রতি বছর বাজেটের আগে এফবিসিসিআই এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এই পরামর্শক কমিটির সভার আয়োজন করে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইয়ের মাধ্যমে এনবিআরের কাছে তাদের সুপারিশ পাঠায়। এসব সুপারিশ নিয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে পরামর্শক সভায় বিস্তারিত আলোচনা হয়। এ আলোচনায় গুরুত্ব পাওয়া বিষয়গুলো বিবেচনায় নিয়েই বাজেট প্রস্তাব চূড়ান্ত করে অর্থ মন্ত্রণালয়। আগামী ২৭ মে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে। আর ৭ জুন অর্থমন্ত্রী ২০১২-১৩ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জিএনএ/১৯২৮ ঘ.