চট্টগ্রাম, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বছরের জুনের মধ্যে আমদানি-রপ্তানি পণ্যের শুল্কায়নে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ।
চট্টগ্রাম কাস্টম হাউজে মঙ্গলবার এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উত্তম সেবা, দ্রুত গতি এবং ঝামেলা মুক্ত -এই তিনটি বিষয় নিশ্চিত করতে এখন কাজ চলছে।
পুরনো পদ্ধতিতে কাজ করার দিন শেষ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
এনবিআর চেয়ারম্যান বলেন, “স্বয়ংক্রিয় পদ্ধতি পুরোপুরি বাস্তবায়িত হলে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারব। তখন পিএসআই (প্রাক জাহাজীকরণ পরিদর্শন) পদ্ধতি বাতিল হলেও অনলাইনে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে সমস্যা হবে না।”
‘ই পেমেন্ট এবং চট্টগ্রাম শুল্ক ভবন অটোমেশন: সা¤প্রতিক গতিপ্রকৃতি’ শীর্ষক সেমিনারে ‘ই-পেমেন্ট’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক কানন কুমার রায়।
স্বয়ংক্রিয় পদ্ধতি নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার মতিউর রহমান।
চট্টগ্রাম কাস্টমস কমিশনার মারুফুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনবিআর সদস্য (শুল্ক) মো. নাসির উদ্দিন।
সেমিনারে জানানো হয়, অনলাইনে আয়কর এবং মূল্য সংযোজন করের পাশাপাশি শুল্কও পরিশোধ করা যাবে।
ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা সোনালী ব্যাংকের প্রিপেইড কার্ড ব্যবহার করে দিন-রাত যেকোনো সময় যে কোনো স্থান থেকে অনলাইনে শুল্ক পরিশোধের ব্যবস্থা চালু হচ্ছে।
এতে ব্যাংকে লাইনে দাঁড়ানো এবং নির্দিষ্ট সময়ে পরিশোধের ঝামেলা থেকে মুক্ত হতে পারবেন ব্যবহারকারীরা।
আগামী কয়েকমাসের মধ্যে ই-পেমেন্টের এ ব্যবস্থা চালু হবে বলে জানানো হয় সেমিনারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২৩১৯ ঘ.
bdnews24