ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোপে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি ধরে রাখতে হলে রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে হবে বলে মনে করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের ৪০ বছর’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিয়েজিত ইইউর দূত উইলিয়াম হানা বলেন, “বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হলো রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা। এ চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করবে ইইউ।”
তিনি জানান, ২০১১ সালে ইউরোপে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ২৮ শতাংশ। তবে এ বছরে এ পরিমাণ প্রবৃদ্ধি অর্জন সম্ভব নাও হতে পারে।
২০১১ সালের ১ জানুয়ারি থেকে ইইউ আমদানি নীতি কিছূটা শিথিল করার কারণে ইউরোপে রপ্তানি বেড়েছে বলেও তিনি জানান। বাংলাদেশের রপ্তানি খাতের মধ্যে ওষুধ, জাহাজ নির্মাণ, চামড়া, জুতা ও হালকা যন্ত্রাংশ খাতকে সম্ভাবনাময় বলে মনে করেন তিনি।
বাংলাদেশের রপ্তানি পণ্যের মধ্যে ৫১ শতাংশই যায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোয়।
হানা জানান, ইউরোপীয় ক্রেতারা কারখানায় শ্রমমান ও পরিবেশ বিষয়ে আরও সচেতন হয়ে উঠছে। তারা এখন আর শুধু সস্তায় পণ্য কিনতে চান না।
“শ্রমমান ও পরিবেশের বাধ্যবাধকতা মেনে ঊৎপাদন করা কোনো পণ্য কিনতে প্রয়োজনে অতিরিক্ত অর্থ খরচ করবে ইউরোপীয় ক্রেতারা।”
তিনি বলেন, রপ্তানিকারকদের বিষয়টি বুঝতে হবে। স্থানীয় তৈরি পোশাক কারখানার মালিকদের শ্রমিকদের কাজের পরিবেশের মান বাড়াতে হবে। এ ব্যাপারে আলোচনা করতে ইইউর ক্রেতারা ঢাকায় তাদের প্রতিনিধি পাঠিয়েছে।
গত বছর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বাংলাদেশ ৮৬০ কোটি ইউরোর পণ্য রপ্তানি করে। ২০১০ সালে এ আয় ছিল ৬৭০ কোটি ইউরো।
হানা বলেন, “গত তিন বছরে বাংলাদেশ ইউরোপে রপ্তানিতে যে উন্নতি করেছে তা আর কোনো স্বল্পোন্নত দেশ করতে পারেনি।”
চলতি অর্থবছরে বাংলাদেশ ১০ শতাংশ রপ্তানি প্রবৃদ্ধি অর্জন করেছে বলে রপ্তানি উন্নয়ন ব্যুরো জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমডি/এসইউ/১৮১৯ ঘ.
bdnews24