২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খন্দকারের আশা, ২০২১ পর্যন্ত সরকার বদলাবে না

২০২১ সাল পর্যন্ত সরকার বদল হবে না বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2012, 01:23 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০২১ সাল পর্যন্ত সরকার বদল হবে না বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, “আমার বিশ্বাস, সরকার বদলাবে না। আমরা জাতির জন্য, দেশের জন্য যে ভাবে কাজ করছি তাতে জনগন এই সরকারকে আবার ক্ষমতায় আনবে। আমরা দশ বছর মেয়াদী (২০১০-২১) যে প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছি সেই পরিকল্পনা আওয়ামীলীগ সরকারই বাস্তবায়ন করে যেতে পারবে।” এইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় ‘প্রেক্ষিত পরিকল্পনা ২০১০-২০২১’ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনার বিভিন্ন দিক সাংবাদিকদের সামনে তুলে ধরতে গিয়ে পরিকল্পনামন্ত্রী এ সব কথা বলেন। কেনো আওয়ামী লীগ ২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে- এ প্রশ্নের উত্তরে এ কে খন্দকার বলেন, “পারফরমেন্স। আমাদের পারফরমেন্সই ক্ষমতায় আনবে। জিডিপি’র (অর্থনৈতিক প্রবৃদ্ধি) উচ্চ প্রবৃদ্ধি ছাড়াও বাম্পার ফলনের মাধ্যমে আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি। এটা আমাদের সরকারের বড় অর্জন। যার সুফল জাতি ভোগ করছে।” “বাংলাদেশ এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। বিশ্বের বড় বড় দেশে এখন আমাদের ওষুধ রপ্তানি হচ্ছে। আর সবচেয়ে আশ্চর্য হচ্ছে যে, সব দেশ থেকে এতোদিন আমরা জাহাজ আমদানি করেছি সেইসব দেশেই এখন আমরা জাহাজ রপ্তানি করছি।” “আমরা যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিলাম সেটাকে সামনে রেখেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর এজন্যই দেশের মানুষ আমাদের বার বার ক্ষমতায় আনবে। আমরা প্রেক্ষিত পরিকল্পনার মাধ্যমে দেশের আরও উন্নয়ন করবো,” যোগ করেন মৃদুভাষী বলে পরিচিত সরকারের সিনিয়র এই মন্ত্রী। এ কে খন্দকার বলেন, গত দুই বছর দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতে এই প্রেক্ষিত পরিকল্পণা প্রণয়ন করা হয়েছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যকে সামনে রেখে এ পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে; যাতে বলা হয়েছে, ২০২১ সালের মধ্যে মাথাপিছু জাতীয় আয় হবে ২ হাজার ডলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/১৯২১ ঘ.